18 / 33

আনন্দটা কি আমার অভাব বোধ করাবে?

না! পর্নের ছোট দানবটা মরে গেলে, আপনার শরীরে ডোপামিনের তীব্র চাহিদা থেমে গেলে আর ‘তেল দেওয়া’ বন্ধ হওয়ায় আপনার মস্তিষ্কে পর্নের ওয়াটার স্লাইডগুলো দ্রুত মিলিয়ে যেতে শুরু করলে, মগজধোলাইয়ের যতটুকু প্রভাব বাকি আছে, তা-ও উধাও হয়ে যাবে। দেখবেন, জীবনের চাপ আর টানাপোড়েন সামলাতে আপনি শারীরিক ও মানসিক দুদিক থেকেই আরও ভালোভাবে প্রস্তুত। সেই সঙ্গে ভালো সময়গুলোও পুরোপুরি উপভোগ করবেন।

বিপদ একটাই। যাঁরা এখনও যৌনতাকে ভরসা আর আনন্দের উৎস হিসেবে ব্যবহার করেন, তাঁদের প্রভাব। “অন্যের উঠোনের ঘাস সব সময় বেশি সবুজ মনে হয়”—জীবনের অনেক ক্ষেত্রেই এমনটা দেখা যায়, আর কেন হয় তা বোঝাও সহজ। কিন্তু পর্নের বেলায়, যেখানে কথিত ‘সুবিধাগুলোর’ তুলনায় অসুবিধাগুলো এত বিপুল, সেখানে যাঁরা যৌনতা আর পর্নোগ্রাফিকে ভরসা হিসেবে চান, তাঁদের দেখে পর্ন ছেড়েছেন এমন মানুষের হিংসা হয় কেন?

ছোটবেলা থেকে এত মগজধোলাই হয়েছে যে আমরা ফাঁদে পড়েছি, সেটা বোঝা কঠিন নয়। কিন্তু পর্ন যে কী বোকামি, তা বুঝে অভ্যাসটা ছাড়তে পারার পরও আমরা কেন সোজা সেই একই ফাঁদে ফিরে যাই? এর কারণ সমাজের মগজধোলাই। সমাজ পর্ন আর যৌনতাকে এক করে দেখায় এবং সেটাকেই স্বাভাবিক বলে তুলে ধরে। যিনি পর্ন ছেড়েছেন, তাঁর মনে হঠাৎ একটা খোঁচা লাগে! সঙ্গী না থাকার শূন্যতা আর নিরাপত্তাহীনতা (অথচ সঙ্গী না থাকা কোনো অপরাধই নয়) তাঁর মধ্যে উদ্বেগ তৈরি করে এবং তাঁকে আবার ওয়াটার স্লাইডে চড়তে ঠেলে দেয়। এটা সত্যিই অদ্ভুত, বিশেষ করে এই পর্যবেক্ষণটা মাথায় রাখলে। দুনিয়ায় যাঁরা পর্ন দেখেন না, তাঁদের প্রত্যেকেই পর্ন না দেখে খুশি। আর যাঁরা পর্ন দেখেন, আসক্তি আর মগজধোলাইয়ে তাঁদের চিন্তাভাবনা যতই বিকৃত হোক, তাঁরা আনন্দ পাচ্ছেন বা চাপমুক্ত হচ্ছেন বলে যতই ভুল ধারণায় ভুগুন, তাঁদের প্রত্যেকেই মনে মনে চান, যদি গোড়াতেই এই আসক্তিতে না জড়াতেন! তাহলে পর্ন ছেড়েছেন এমন কারও কারও হিংসা হয় কেন?

  1. ‘শুধু একবার উঁকি দেব।’ মনে রাখবেন, এমন কিছু নেই। ওই একটা ঘটনাকে আলাদা করে দেখা বন্ধ করুন। যিনি পর্ন দেখেন, তাঁর দিক থেকে ব্যাপারটা দেখতে শুরু করুন। আপনি হয়তো তাঁকে হিংসা করছেন, অথচ তিনি নিজের আচরণকে সমর্থন করেন না, আর উল্টো আপনাকেই হিংসা করেন। ইশ, কোনোভাবে যদি আপনি নির্লিপ্তভাবে পর্যবেক্ষণ করতে পারতেন, অন্য একজন কীভাবে পর্ন দেখেন! পর্নের ফাঁদ থেকে বেরিয়ে আসতে সেটাই হয়তো আপনাকে সবচেয়ে জোরালো সাহায্য করত। খেয়াল করেছেন, কত দ্রুত তিনি একের পর এক ট্যাব আর ব্রাউজার উইন্ডো খুলে ফেলেন? দরকারি অংশগুলোতে দ্রুত এগিয়ে যান, ক্লিপগুলোতে চট করে আগ্রহ হারান, আর নতুনত্ব, ধাক্কা, উদ্বেগ ইত্যাদির অনুভূতি জাগায় এমন হরেক ধরনের পর্ন একে একে দেখে যান। বিশেষ করে খেয়াল করুন, পুরো কাজটাই যেন আপনাআপনি হয়ে চলেছে। মনে রাখবেন, তিনি এটা উপভোগ করছেন না। এটা ছাড়া তিনি আনন্দই করতে পারেন না। পরদিন সকালে দুর্বল ইচ্ছাশক্তি, ফুরিয়ে যাওয়া শক্তি আর ঝাপসা চোখ নিয়ে ঘুম থেকে উঠে, চাপ বা টানাপোড়েনের প্রথম আভাস পেলেই তাঁকে আবার নিজের গলা চেপে ধরার মতো এই কাজটা চালিয়ে যেতে হবে। তাঁর সামনে পড়ে আছে নোংরামি, দুর্বল মানসিক স্বাস্থ্য আর ক্ষতিগ্রস্ত আত্মবিশ্বাসে ভরা একটা জীবন। মনের আড়ালে কালো ছায়া নিয়ে সারা জীবন ধরে নিজেকে ধ্বংস করে যাওয়া। কী লাভের আশায়? নিজের ‘প্রাপ্য’ জিনিসটা আর ওই ছাইপাঁশ আনন্দ পাচ্ছেন বলে যে ভ্রম, তার জন্য?

  2. পর্ন ছেড়েছেন এমন কারও কারও মনে খোঁচা লাগার দ্বিতীয় কারণ হলো, যিনি পর্ন দেখেন তিনি কিছু একটা করছেন, যেমন হস্তমৈথুন, আর যিনি পর্ন দেখেন না তিনি তা করছেন না। তাই যিনি পর্ন দেখেন না, তাঁর মনে হতে পারে তিনি কিছু থেকে বঞ্চিত হচ্ছেন। কথাটা মনে পরিষ্কার করে নিন। যিনি পর্ন দেখেন না, তিনি বঞ্চিত হচ্ছেন না। বেচারা আসক্ত মানুষটিই বঞ্চিত হচ্ছেন এসব থেকে—

    • স্বাস্থ্য

    • শক্তি

    • আত্মবিশ্বাস

    • মনের শান্তি

    • সাহস

    • প্রশান্তি

    • স্বাধীনতা

    • আত্মসম্মান

পর্ন দেখেন এমন মানুষদের হিংসা করার অভ্যাস ছাড়ুন। তাঁদের আসল অবস্থাটা দেখতে শুরু করুন। তাঁরা দুর্দশায় আছেন, তাঁদের অবস্থা করুণ। আমি জানি, একসময় আমার অবস্থা ছিল সবচেয়ে খারাপদের কাতারে। সে কারণেই আপনি এই বইটা পড়ছেন, আর যাঁরা সত্যটার মুখোমুখি হতে পারেন না এবং নিজেদের ধোঁকা দিয়েই চলেছেন, তাঁরা পড়ছেন না।

হেরোইনে আসক্ত কাউকে আপনি হিংসা করতেন না। আর মাদকের সব আসক্তির মতো আপনার আসক্তির অবস্থাও ভালো হবে না। প্রতি বছর তা গুণিতক হারে আরও খারাপ হবে। আজ যদি পর্ন দেখায় আনন্দ না পান, কাল আরও কম আনন্দ পাবেন। অন্য পর্ন দর্শকদের হিংসা করবেন না, তাঁদের প্রতি করুণা বোধ করুন। আমার কথা বিশ্বাস করুন। তাঁদের আপনার করুণা দরকার!