17 / 33

সঠিক সময়

এতে যে আপনার কোনো উপকার হচ্ছে না এবং থামার উপযুক্ত সময় যে এখনই, সেটা স্পষ্ট। তা সত্ত্বেও কখন থামবেন, সেটা গুরুত্বপূর্ণ। সমাজ ইন্টারনেট পর্নকে হালকাভাবে নেয়। অনেকের ধারণা, এটা একটু রুচিহীন অভ্যাস মাত্র, স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না। কথাটা সত্যি নয়। এটা মাদকের মতো এক আসক্তি, এক রোগ, যা সমাজে মানুষের সম্পর্ক নষ্ট করে। বেশির ভাগ দর্শকের জীবনে সবচেয়ে খারাপ ঘটনা হলো এই ভয়াবহ আসক্তিতে জড়িয়ে পড়া। আসক্তি থেকে গেলে তার পরিণতি ভয়ংকর হতে পারে। তাই নিজেকে সেরে ওঠার যথাযথ সুযোগ দিতে সময় বেছে নেওয়াটা গুরুত্বপূর্ণ।

প্রথমে ভেবে দেখুন, কোন কোন সময়ে বা পরিস্থিতিতে পর্নকে আপনার কাছে জরুরি বলে মনে হয়। ব্যবসার চাপ কমে বলে যদি পর্ন দেখেন, তাহলে তুলনামূলক ফাঁকা সময় বা ছুটি বেছে নিন। আর যদি মূলত একঘেয়েমি কাটাতে বা অবসরে পর্ন দেখেন, তাহলে উল্টোটা করুন। যেটাই হোক, চেষ্টাটাকে গুরুত্ব দিন। এই মুহূর্তে এটাকেই জীবনের সবচেয়ে জরুরি কাজ হিসেবে নিন।

সামনের তিন সপ্তাহের কথা ভেবে দেখুন। কোন ঘটনা আপনার চেষ্টা ব্যর্থ করে দিতে পারে, সেটা আগেই আন্দাজ করার চেষ্টা করুন। সম্মেলনে যোগ দিতে বাইরে যাওয়া বা সঙ্গী শহরের বাইরে থাকা বাধা হয়ে দাঁড়াতে হবে এমন নয়, যদি আগেই সেসবের জন্য প্রস্তুত থাকেন এবং মনে না করেন যে আপনি কিছু থেকে বঞ্চিত হচ্ছেন। এই ফাঁকে পর্ন দেখা কমানোর চেষ্টা করবেন না। তাতে কেবল মনে হবে, যে জিনিস থেকে বঞ্চিত হচ্ছেন সেটাই বুঝি উপভোগ্য। বরং লেখকের মতে, নিজেকে যত বেশি সম্ভব পর্ন দেখতে বাধ্য করলে সুবিধা হয়। শেষবার যখন দেখবেন, খেয়াল করুন তৃপ্তির পরের হতাশা, অপূর্ণ প্রত্যাশা, শরীরে কোনো ব্যথা, প্রত্যাহারের প্রভাব, বিরক্তি আর মন খারাপের অনুভূতি। তারপর ভাবুন, নিজেকে থামতে দিলে কত ভালো লাগবে।

যা-ই করুন, ‘এখন নয়, পরে’ বলে ব্যাপারটা মন থেকে সরিয়ে রাখার ফাঁদে পড়বেন না। কখন থামবেন, এখনই ঠিক করুন, আর সেই সময়টার জন্য আনন্দের সঙ্গে অপেক্ষা করুন।

মনে রাখবেন, আপনি কিছুই ত্যাগ করছেন না। উল্টো, দারুণ সব লাভ আপনার সামনে অপেক্ষা করছে।

বছরের পর বছর চিকিৎসাজগত পর্নকে নিরীহ বলে ধরে নিয়েছে। আগেকার তুলনামূলক মৃদু স্থির ছবি আর আজকের ভার্চুয়াল রিয়্যালিটি স্ট্রিমিংয়ের মধ্যে যে কত ফারাক, তা তারা জানত না। সমস্যা হলো, যে আকাঙ্ক্ষা ইন্টারনেট পর্ন নিজেই তৈরি করে, ডোপামিনের সেই আকাঙ্ক্ষা কমাতেই দর্শক পর্ন দেখেন। অথচ রাসায়নিকটির প্রতি আসক্তিই তাঁকে আটকে রাখে না। আসক্তির ফলে তিনি নিজেই নিজের যে মগজধোলাই করেন, সেটাই তাঁকে আটকে রাখে। বুদ্ধিমান মানুষও প্রতারণায় পড়তে পারেন, কিন্তু কীভাবে ঠকানো হচ্ছে জানার পরও কেবল বোকাই বারবার একইভাবে ঠকবেন। ভাগ্য ভালো, অধিকাংশ দর্শক বোকা নন। তাঁরা শুধু নিজেকে বোকা ভাবেন। প্রত্যেকে নিজের মতো করে কিছু ধারণা বিশ্বাস করেন। তাই আসক্তির চেহারা এত রকম বলে মনে হয়, আর বিষয়টা আরও রহস্যময় হয়ে ওঠে।

মূল বইটি নিকোটিন ছাড়তে সাহায্য করেছিল। নিকোটিন মানুষের জানা সবচেয়ে দ্রুত আসক্তি ধরায় এমন মাদকগুলোর একটি। সেই বইয়ের মূল দর্শন পর্নের ক্ষেত্রে খাটে দেখে ভালোই লেগেছিল, আবার অবাকও হয়েছিলাম। কার আর আমি যতটুকু বুঝেছি, তা প্রত্যেক দর্শকের কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায়, সেটাই চ্যালেঞ্জ। আমি জানি যে প্রত্যেক দর্শক খুব সহজে থামতে পারেন, এমনকি সেই প্রক্রিয়াটা উপভোগও করতে পারেন। কিন্তু তিনি নিজে সেটা উপলব্ধি করতে না পারলে আমার এই জানাটা একেবারেই কাজে আসে না, বরং ভীষণ হতাশ লাগে। মূল বইয়ে অ্যালেন কার তাঁর বিতর্কিত পরামর্শটা এভাবে ব্যাখ্যা করেছেন:

“অনেকে আমাকে বলেছেন, ‘আপনি বলেন, “বই শেষ না হওয়া পর্যন্ত ধূমপান চালিয়ে যান।” এতে ধূমপায়ী বইটা পড়তে যুগ লাগিয়ে দেন, কিংবা শেষই করেন না। ব্যস। তাই নির্দেশটা বদলানো উচিত।’ যুক্তিসংগত শোনায়। কিন্তু আমি জানি, নির্দেশটা যদি হতো ‘এখনই থামুন’, কোনো কোনো ধূমপায়ী বই পড়াই শুরু করতেন না। শুরুর দিকে একজন ধূমপায়ী আমার কাছে এসেছিলেন। তিনি বললেন, ‘আপনার সাহায্য চাইতে হচ্ছে বলে আমার খুব খারাপ লাগছে। আমি জানি, আমার ইচ্ছাশক্তি আছে। জীবনের বাকি সব দিকই আমার নিয়ন্ত্রণে। অন্যরা নিজেদের ইচ্ছাশক্তিতে ধূমপান ছাড়তে পারলেন, অথচ আমাকে কেন আপনার কাছে আসতে হলো?’ তিনি আরও বললেন, ‘আমার মনে হয়, ছাড়ার চেষ্টা চলাকালেও যদি ধূমপান করতে পারি, তাহলে নিজের চেষ্টাতেই পারব।’”

সমাজ আমাদের শেখায় যে ধূমপান ছাড়া অসম্ভব কঠিন। কঠিন কিছু করতে হলে একজন ধূমপায়ীর কী দরকার হয়? সেই চেনা ছোট্ট বন্ধু, তাঁর ভরসার জিনিসটা। তাই ধূমপান ছাড়াকে দুদিক থেকে ধাক্কা বলে মনে হয়। এমনিতেই কঠিন একটা কাজ করতে হবে, তার ওপর এ রকম সময়ে যে জিনিসটার ওপর ভরসা করেন, সেটাও আর নেই। এই পদ্ধতির আসল সৌন্দর্য বোধ হয় এখানেই: প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময় আপনাকে কিছু ‘ত্যাগ’ করতে হয় না। আমরা প্রথমেই সব ভয় আর সন্দেহ দূর করি। ফলে শেষবারের সেশন শেষ করার পর থেকেই আপনি স্বাধীনতা উপভোগ করেন।

তাই এই হ্যাকবুকে সেই পরামর্শই থাকছে। থামা সহজ হবে, এমনকি আনন্দদায়কও হতে পারে, এ কথা যতই বলা হোক, অধিকাংশ মানুষ তা মানতে পারবেন না। ছাড়া কতটা কঠিন, সে নিয়ে নিজেদের বিশ্বাসই তাঁদের আটকে রাখে।

সময় নিয়ে এই অধ্যায়টিতেই অ্যালেনের মূল পরামর্শ নিয়ে আমার সত্যিই প্রশ্ন জাগে। বিশেষ করে, অফিসের চাপ যদি আপনার তাগিদ বাড়ায়, তাহলে ছুটিতে থামার চেষ্টা করুন, আর অবসর যদি তাগিদ বাড়ায়, তাহলে উল্টোটা: এমনটাই তাঁর পরামর্শ। অথচ সহজতম পথ হলো, আপনার কাছে যে সময়টা সবচেয়ে কঠিন বলে মনে হয় সেটাই বেছে নেওয়া। চাপ, সামাজিক দায়িত্ব, মনোযোগের দরকার, বা একঘেয়েমি—যেটাই হোক, সবচেয়ে কঠিন অবস্থাতেও যদি প্রমাণ করতে পারেন যে সামলে নিতে এবং জীবন উপভোগ করতে পারছেন, তাহলে বাকি সব পরিস্থিতিই উপভোগ্য হবে। কিন্তু এটাই পরামর্শ হলে আপনি আদৌ চেষ্টা করতেন?

একটা তুলনা দিই। আমার বোন আর আমি একসঙ্গে সাঁতার কাটতে চাই। একই সময়ে সুইমিং পুলে পৌঁছাই, কিন্তু সাঁতার খুব কমই একসঙ্গে কাটা হয়। সে প্রথমে পায়ের একটা আঙুল ডোবায়, আর আধঘণ্টা পরে সত্যি সত্যি সাঁতার কাটতে নামে। ধীরে ধীরে নিজেকে কষ্ট দেওয়া আর কী। আমি আগে থেকেই জানি যে পানি যতই ঠান্ডা হোক, একসময় নামতেই হবে। তাই সহজ পদ্ধতিটা শিখেছি: সোজা ঝাঁপ দিই। এবার ভাবুন, আমার বোনকে যদি জোর করে বলতাম যে সরাসরি ঝাঁপ না দিলে সে সাঁতার কাটতে পারবে না, তাহলে সে নামতই না। সমস্যাটা বুঝতে পারছেন?

পাঠকদের প্রতিক্রিয়া থেকে জেনেছি, অনেকে মূল বইয়ের সময়সংক্রান্ত পরামর্শ কাজে লাগিয়েছেন তাঁদের চোখে যে ‘ভয়ংকর দিনটা’ আসছে, সেটাকে আরও পিছিয়ে দিতে। তখন আমার মনে হলো, ‘পর্ন দেখার সুবিধা’ অধ্যায়ের মতো একটা কৌশল ব্যবহার করি। যেমন, “সময় খুব গুরুত্বপূর্ণ; চেষ্টা করার সবচেয়ে ভালো সময় কখন, পরের অধ্যায়ে জানবেন।” তারপর পরের পাতায় বিশাল হরফে শুধু “এখনই!” এটাই আসলে সেরা পরামর্শ। কিন্তু আপনি কি তা মানতেন? ফাঁদের সবচেয়ে সূক্ষ্ম দিক বোধ হয় এই যে, জীবনে সত্যিই চাপ থাকলে মনে হয় থামার সময় এটা নয়। আর চাপ না থাকলে এই কষ্ট শেষ করার ইচ্ছাই হয় না। নিজেকে নিচের প্রশ্নগুলো করুন:

  1. প্রথমবার পর্ন দেখার সময় আপনি কি সত্যিই ঠিক করেছিলেন যে বাকি জীবন এর ওপর নির্ভর করবেন এবং কখনো থামতে পারবেন না? অবশ্যই করেননি!

  2. তাহলে কি বাকি জীবন এভাবেই কাটাবেন, কোনো দিনও থামতে পারবেন না? অবশ্যই না!

তাহলে কবে থামবেন? কাল? আগামী বছর? তার পরের বছর? যেদিন বুঝলেন আপনি আটকে গেছেন, সেদিন থেকে কি নিজেকে এই প্রশ্নই করে আসছেন না? আশা করছেন, কোনো এক সকালে উঠে দেখবেন আর পর্ন দেখতে ইচ্ছে করছে না? নিজেকে ভুল বোঝাবেন না। যেকোনো আসক্তিই সময়ের সঙ্গে আরও জাঁকিয়ে বসে, কমে না। বিছানা থেকে ওঠার চেয়ে হস্তমৈথুন করাই সহজ মনে হওয়া পর্যন্ত কি অপেক্ষা করবেন? তাতে তো কোনো লাভ নেই।

আসল ফাঁদ হলো এই বিশ্বাস যে এখন ঠিক সময় নয়, কাল সব সময় সহজ হবে। আমরা ভাবি, আমাদের জীবন চাপে ভরা। বাস্তবে তা নয়। সত্যিকারের চাপের বেশির ভাগ উৎসই আমাদের জীবন থেকে সরে গেছে। বাড়ি থেকে বেরিয়ে বন্য প্রাণীর আক্রমণের ভয়ে থাকতে হয় না। বেশির ভাগ মানুষকে ভাবতে হয় না কোথা থেকে পরের বেলার খাবার আসবে বা রাতে মাথার ওপর ছাদ থাকবে কি না। একটা বন্য প্রাণীর জীবন ভাবুন। একটা খরগোশ যতবার গর্ত থেকে বের হয়, যেন ভিয়েতনামের যুদ্ধের মুখোমুখি হয়, সারা জীবন ধরে। কিন্তু খরগোশটা সামলে নেয়। তার শরীরে অ্যাড্রেনালিন আর অন্য হরমোন আছে, আমাদেরও আছে। আসলে যেকোনো প্রাণীর জীবনে শৈশবের শুরু আর কৈশোরই সবচেয়ে চাপের সময়। কিন্তু তিনশো কোটি বছরের প্রাকৃতিক নির্বাচন আমাদের চাপ মোকাবিলা করার ক্ষমতা দিয়েছে। কঠিন শৈশব পেরিয়েও বহু মানুষ স্বাভাবিক জীবন কাটান।

“স্বাস্থ্য না থাকলে কিছুই নেই” কথাটা বহুচর্চিত, কিন্তু একেবারে সত্যি। শরীরে আর মনে শক্তি থাকলে আপনি সুখের সময় উপভোগ করতে পারেন, কঠিন সময়ও সামলে নিতে পারেন। অনেকে দায়িত্বকেই চাপ ভেবে ভুল করেন। দায়িত্ব তখনই চাপ হয়ে দাঁড়ায়, যখন মনে হয় সামলানোর মতো শক্তি আমাদের নেই। বেশির ভাগ মানুষকে চাপ, কাজ বা বার্ধক্য ধ্বংস করে না। ধ্বংস করে সেই মিথ্যা ভরসাগুলো, যেগুলোর দিকে তাঁরা হাত বাড়ান।

এভাবে ভাবুন: বাকি জীবন এই ফাঁদে থাকবেন না, সেটা আপনি ইতিমধ্যেই ঠিক করেছেন। তাই কোনো এক সময়ে, সহজ লাগুক বা কঠিন, মুক্ত হওয়ার প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আপনাকে যেতেই হবে। পর্ন শুধু অভ্যাস বা আনন্দের জিনিস নয়। এটা মাদকের মতো আসক্তি, একটা রোগ। আমরা দেখেছি, কাল সহজ হবে এমন নয়; বরং দিন দিন আরও কঠিন হবে। এটা থেকে মুক্ত হওয়ার সময় এখনই, বা যতটা সম্ভব তার কাছাকাছি সময়ে। ভাবুন তো, জীবনের একেকটা সপ্তাহ কত তাড়াতাড়ি কেটে যায়। এটুকুই দরকার। ভাবুন, মাথার ওপর ক্রমশ বড় হতে থাকা ছায়া ছাড়াই বাকি জীবন উপভোগ করতে পারা কত ভালো লাগবে। সব নির্দেশ মানলে পাঁচ দিন, এমনকি তিন সপ্তাহও অপেক্ষা করতে হবে না। শুধু যে থামা সহজ মনে হবে তা নয়, থামার প্রক্রিয়াটাও আপনি উপভোগ করবেন!