11 / 33
ইচ্ছাশক্তির পদ্ধতি
পর্ন ছাড়া যে খুব কঠিন, সমাজে তা স্বীকৃত সত্য হিসেবে ধরা হয়। কীভাবে ছাড়বেন, সে বিষয়ে পরামর্শ দেওয়া বই আর ফোরামগুলো সাধারণত শুরুতেই জানায় কাজটা কত কঠিন। সত্যি হলো, কাজটা হাস্যকর রকমের সহজ। এ কথা শুনে প্রশ্ন জাগা স্বাভাবিক, তবে আগে একটু ভেবে দেখুন। আপনার লক্ষ্য যদি হয় চার মিনিটে এক মাইল দৌড়ানো, সেটা কঠিন। তার জন্য বছরের পর বছর কঠোর প্রশিক্ষণ নিতে হবে, আর এত কিছুর পরও আপনার শরীর হয়তো তা করতে সক্ষম হবে না।
অথচ পর্ন ছাড়তে হলে আপনাকে শুধু পর্ন দেখা বন্ধ করতে হবে, অথবা হস্তমৈথুন বন্ধ করতে হবে, অথবা দুটোই বন্ধ করতে হবে। আপনি নিজে ছাড়া আর কেউ আপনাকে হস্তমৈথুন করতে বাধ্য করে না। খাবার বা পানির মতো বেঁচে থাকার জন্যও এটা দরকার হয় না। তাহলে আপনি যদি এটা বন্ধ করতে চান, কাজটা কঠিন হবে কেন? আসলে কাজটা কঠিন নয়। পর্ন ব্যবহারকারীরাই ইচ্ছাশক্তি খাটিয়ে বা এমন কোনো পদ্ধতি অবলম্বন করে কাজটা নিজেদের জন্য কঠিন করে তোলেন, যে পদ্ধতিতে তাঁদের মনে হতে বাধ্য হয় যে তাঁরা কোনো একটা ত্যাগ স্বীকার করছেন। আসুন, এই পদ্ধতিগুলো ভেবে দেখি।
আমরা পর্ন ব্যবহারকারী হওয়ার সিদ্ধান্ত নিই না। কৌতূহল থেকে শুধু পর্নের পত্রিকা বা ওয়েবসাইট একটু পরখ করে দেখি। আর আমাদের পছন্দের ক্লিপটা বাদ দিলে সেগুলো জঘন্য বলে (হ্যাঁ, জঘন্যই) আমাদের দৃঢ় বিশ্বাস হয়, চাইলেই ছেড়ে দিতে পারব। শুরুতে ওই প্রথম কয়েকটা ক্লিপ আমরা দেখি যখন ইচ্ছে হয় আর বিশেষ বিশেষ উপলক্ষে। বুঝে ওঠার আগেই আমরা শুধু নিয়মিত ওই সাইটগুলোতে যাচ্ছি আর ইচ্ছে হলে হস্তমৈথুন করছি, তা-ই নয়, প্রতিদিনই সেগুলো দেখে হস্তমৈথুন করছি। পর্ন আমাদের জীবনের অংশ হয়ে গেছে, তাই যেখানেই যাই, ইন্টারনেট সংযোগ চাই। তখন আমাদের মনে হয়, ভালোবাসা, যৌনতা, যৌন চরমসুখ আর পর্নের মানসিক চাপ কমানোর সুবিধা পাওয়া আমাদের অধিকার। একই ক্লিপ আর একই অভিনেতা-অভিনেত্রীরা যে আগের মতো যৌন উত্তেজনা জাগান না, সেটা যেন আমাদের মাথায়ই আসে না। ‘খারাপ পর্ন’ এড়াতে আমরা লাল সীমারেখা না পেরোনোর জন্য লড়তে শুরু করি। আসলে হস্তমৈথুন আর ইন্টারনেট পর্ন আমাদের যৌনজীবনের উন্নতিও করে না, মানসিক চাপও কমায় না। ব্যবহারকারীরা শুধু বিশ্বাস করেন, এগুলো ছাড়া তাঁরা জীবন উপভোগ করতে বা মানসিক চাপ সামলাতে পারবেন না।
আমরা যে আসক্ত হয়ে পড়েছি, তা বুঝতে সাধারণত অনেক সময় লাগে। কারণ আমরা এই ভ্রান্ত ধারণায় ভুগি যে ব্যবহারকারীরা পর্ন দেখেন উপভোগ করেন বলে, দেখার প্রয়োজন বোধ করেন বলে নয়। নতুনত্ব, ধাক্কা দেওয়ার মতো কিছু বা আরও চরম কিছুর দিকে যাওয়া যোগ না হলে আমরা কখনোই পর্ন ‘উপভোগ’ করতে পারি না। আর যখন ‘উপভোগ’ করি না, তখন এই ভ্রান্ত ধারণায় থাকি যে চাইলেই ছেড়ে দিতে পারব। এটাই আত্মবিশ্বাসের ফাঁদ। “আমি পর্ন উপভোগ করি না, তাই যখন চাইব তখনই ছেড়ে দিতে পারব”। মুশকিল হলো, আপনার যেন কখনো ছাড়তে ‘ইচ্ছে’ করে না।
সত্যিই ছাড়ার চেষ্টা করার আগে সাধারণত আমরা বুঝতেই পারি না যে কোনো সমস্যা আছে। প্রথম চেষ্টাগুলো সাধারণত শুরুর দিকেই হয়। নতুন সঙ্গীর সঙ্গে পরিচয়ের পর প্রথম কয়েকবার দেখা করে যখন মনে হয় তিনি ‘ঠিক যথেষ্ট নন’, তখনই সেই চেষ্টার সূত্রপাত হয়। আরেকটি সাধারণ কারণ হলো দৈনন্দিন জীবনে স্বাস্থ্যের ওপর প্রভাব টের পাওয়া।
কারণ যা-ই হোক, ব্যবহারকারী সব সময় এমন একটা চাপের পরিস্থিতি আসা পর্যন্ত অপেক্ষা করেন, তা স্বাস্থ্য নিয়েই হোক বা যৌনতা নিয়ে। ছাড়ামাত্রই ছোট দানবের খিদে পেতে শুরু করে। তখন ব্যবহারকারী ডোপামিনের মাত্রা বাড়ানোর জন্য কিছু একটা চান, যেমন সিগারেট, অ্যালকোহল বা তাঁদের প্রিয় ইন্টারনেট পর্ন, যেখানে তাঁদের হারেম মাত্র এক ক্লিক দূরে। পর্নের ভাণ্ডার এখন আর বাড়ির বেসমেন্টে নেই। সেটা ভার্চুয়াল, যেকোনো জায়গা থেকে হাতের নাগালে। সঙ্গী আশেপাশে থাকলে বা বন্ধুবান্ধবের সঙ্গে থাকলে তাঁরা আর সেই ভার্চুয়াল হারেমে ঢুকতে পারেন না। এতে তাঁদের অস্থিরতা আরও বেড়ে যায়।
ব্যবহারকারী যদি বৈজ্ঞানিক লেখা পড়ে থাকেন বা অনলাইন গোষ্ঠীর খোঁজ পেয়ে থাকেন, তাহলে তাঁর মনে টানাপোড়েন চলতে থাকে। তিনি প্রলোভন ঠেকান আর বঞ্চিত বোধ করেন। যে উপায়ে তিনি সাধারণত মানসিক চাপ কমান, সেটাও এখন হাতের নাগালে নেই। ফলে তিন দিক থেকে ধাক্কা আসে। এই যন্ত্রণার পর সম্ভবত তিনি আপস করবেন। “আমি কমিয়ে দেব” বা “আমি ভুল সময় বেছে নিয়েছি” বা হয়তো, “আমার জীবন থেকে এই চাপ কেটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব।” অথচ চাপ কেটে গেলে ছাড়ার আর কোনো কারণ থাকে না, আর পরের চাপের সময় না আসা পর্যন্ত ব্যবহারকারী ফের ছাড়ার সিদ্ধান্ত নেন না।
অবশ্য উপযুক্ত সময় কখনোই আসে না, কারণ বেশির ভাগ মানুষের জীবনে চাপ বাড়তে থাকে। আমরা মা-বাবার আশ্রয় ছেড়ে এমন এক জীবনে পা রাখি, যেখানে সংসার পাততে হয়, বাড়ির জন্য ঋণ নিতে হয়, সন্তান হয় আর আরও বেশি দায়িত্বের কাজ করতে হয়। যা-ই হোক, ব্যবহারকারীর জীবনে চাপ কমতে পারে না, কারণ পর্ন নিজেই চাপ সৃষ্টি করে। ব্যবহারকারী যত দ্রুত আরও চরম কিছুর দিকে যাওয়ার পর্যায়ে পৌঁছান, তত বেশি অস্থির হয়ে পড়েন এবং পর্নের ওপর নির্ভরশীলতার ভ্রান্ত ধারণা তত জোরালো হয়।
আসলে জীবনে চাপ বাড়তেই থাকে, এমন ধারণাটাই ভ্রান্ত। পর্ন, বা একই রকম কোনো অবলম্বন, এই ভ্রান্ত ধারণা তৈরি করে। এ নিয়ে পরে আরও বিশদে আলোচনা হবে। তবে প্রথম দিকের এই ব্যর্থ চেষ্টাগুলোর পর ব্যবহারকারী সাধারণত এই সম্ভাবনার ওপর ভরসা করেন যে একদিন ঘুম থেকে উঠে দেখবেন, তাঁর আর হস্তমৈথুন করতে বা পর্ন দেখতে ইচ্ছে করছে না। সাধারণত অন্য সাবেক ব্যবহারকারীদের কাছে শোনা গল্প থেকে এই আশা জাগে। “যৌনমিলনের সময় প্রবেশের পর উত্থান হারাতে শুরু করার আগে পর্যন্ত আমি ছাড়ার ব্যাপারে সিরিয়াস ছিলাম না। তারপর আর পর্ন ব্যবহার করতে ইচ্ছে করেনি, আর হস্তমৈথুনও বন্ধ করে দিয়েছিলাম।”
নিজেকে ধোঁকা দেবেন না। এসব কথার একটু খোঁজ নিলেই দেখবেন, ব্যাপারটা যতটা সহজ বলে মনে হয়, কখনোই ততটা সহজ নয়। সাধারণত ব্যবহারকারী আগে থেকেই ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঘটনাটাকে শুধু শুরু করার সুযোগ হিসেবে কাজে লাগিয়েছেন। যাঁরা ‘এমনি এমনিই’ ছেড়ে দেন, তাঁদের বেলায় বেশির ভাগ সময়ই কোনো একটা ধাক্কা লেগেছে। হয়তো তাঁদের সঙ্গী ব্যাপারটা ধরে ফেলেছেন, হয়তো তাঁরা নিজেই খেয়াল করেছেন যে নিজের স্বাভাবিক যৌন অভিমুখিতার সঙ্গে মেলে না এমন পর্ন দেখছেন, অথবা নিজেদের যৌনক্রিয়ায় কোনো সমস্যা হয়েছে ভেবে ভয় পেয়েছেন। “আমি এমনই মানুষ।” নিজেকে ধোঁকা দেওয়া বন্ধ করুন। আপনি নিজে করে না উঠলে এটা ঘটবে না।
ইচ্ছাশক্তির পদ্ধতি কেন এত কঠিন, তা আরও বিশদে দেখা যাক। জীবনের বেশির ভাগ সময় আমরা সমস্যাটা এড়িয়ে চলি আর ভাবি, “কাল ছেড়ে দেব”। মাঝেমধ্যে কিছু একটা ঘটলে ছাড়ার চেষ্টা শুরু করি। সেটা হতে পারে স্বাস্থ্য বা যৌনক্ষমতা নিয়ে উদ্বেগ, কিংবা কিছুক্ষণ নিজের আচরণ খতিয়ে দেখে বোঝা যে আসলে আমরা এটা উপভোগ করি না। কারণ যা-ই হোক, আমরা পর্নের সুবিধা-অসুবিধা বিচার করতে শুরু করি। যৌনতার দুটি দিক আছে, তান্ত্রিক (স্পর্শ, গন্ধ, কণ্ঠস্বর) ও প্রজননমূলক (যৌন চরমসুখ)। এই পার্থক্য বোঝা আমাদের চিন্তার জট খোলার অন্যতম চাবিকাঠি। এই গুরুত্বপূর্ণ পার্থক্যটি ধরতে না পারলে বিভ্রান্তি তৈরি হবে, আর তা থেকে আসবে ব্যর্থতা। যুক্তি দিয়ে বিচার করলে আমরা সারা জীবন যা জেনে এসেছি, সেটাই বেরিয়ে আসে। হাজার বার বিচার করলেও সিদ্ধান্ত একই, “পর্ন দেখা বন্ধ করুন!”
আপনি যদি বসে ছাড়ার সুবিধাগুলোকে নম্বর দেন এবং পর্ন ব্যবহারের সুবিধাগুলোর সঙ্গে তুলনা করেন, তাহলে দেখবেন, ছাড়ার পক্ষে মোট নম্বর যেকোনো ‘অসুবিধা’কে অনেক ছাড়িয়ে যায়। পাসকালের বাজির যুক্তি ধরলে, ছেড়ে দিয়ে আপনি প্রায় কিছুই হারাচ্ছেন না, লাভের সম্ভাবনা অনেক আর কিছু না হারানোর সম্ভাবনা আরও বেশি। ব্যবহারকারী জানেন, পর্ন ব্যবহার না করলে তিনি আরও ভালো থাকবেন, তবু তিনি যে ত্যাগ স্বীকার করছেন, এই বিশ্বাসই তাঁকে আটকে দেয়। এটা ভ্রান্ত ধারণা হলেও খুব শক্তিশালী। কেন তা তিনি জানেন না, কিন্তু তাঁর বিশ্বাস, জীবনের ভালো-মন্দ দুই সময়েই পর্ন দেখার সেশনগুলো যেন কাজে আসে। ছাড়ার চেষ্টা শুরুর আগেই সামাজিক মগজধোলাইকে তাঁর নিজের আসক্তির মগজধোলাই আরও জোরদার করে। তার সঙ্গে যোগ হয় ‘ছেড়ে দেওয়া’ কত কঠিন, সেই আরও শক্তিশালী মগজধোলাই।
ব্যবহারকারীরা এমন লোকের গল্প শোনেন, যাঁরা বহু মাস ধরে পর্ন থেকে দূরে আছেন, তবু দেখার জন্য মরিয়া হয়ে থাকেন। আবার এমন অসন্তুষ্ট লোকের কথাও শোনেন, যাঁরা ছেড়ে দেওয়ার পর বাকি জীবনটা এই বলে আক্ষেপ করেন যে আরেকবার পর্ন দেখতে পারলে কী ভালোই না হতো। এমন গল্পও আছে যে কেউ বহু মাস বা বছর পর্ন ছেড়ে সুখে ছিলেন, তারপর একবার শুধু ‘উঁকি’ দিয়েই হঠাৎ আবার আসক্ত হয়ে পড়লেন। ব্যবহারকারীরা সম্ভবত এমন কয়েকজনকে চেনেন, যাঁদের রোগ অনেক দূর গড়িয়েছে। তাঁরা চোখের সামনেই নিজেদের ধ্বংস করছেন, স্পষ্টতই জীবন উপভোগ করছেন না, তবু পর্ন ব্যবহার করেই চলেছেন। এ ছাড়া ব্যবহারকারীদের নিজেদেরও সম্ভবত এমন এক বা একাধিক অভিজ্ঞতা হয়েছে।
তাই “দারুণ! খবরটা শুনেছেন? আমার আর পর্ন দেখার দরকার নেই!” এই অনুভূতি নিয়ে শুরু করার বদলে তাঁরা শুরু করেন আশঙ্কা আর হতাশা নিয়ে, যেন এভারেস্টে উঠতে যাচ্ছেন। তাঁরা ভুল করে ধরে নেন, ছোট দানব একবার আপনাকে আঁকড়ে ধরলে আপনি সারা জীবনের জন্য আসক্ত। অনেক ব্যবহারকারী তাঁদের প্রেমিকা বা স্ত্রীর কাছে আগেভাগেই ক্ষমা চেয়ে ছাড়ার চেষ্টা শুরু করেন। “শুনুন, আমি পর্ন ছাড়ার চেষ্টা করছি। আগামী দু-এক সপ্তাহ হয়তো আমার মেজাজ খিটখিটে থাকবে। তাই আমার সঙ্গে একটু ধৈর্য ধরার চেষ্টা করবেন।” বেশির ভাগ চেষ্টা শুরু হওয়ার আগেই ব্যর্থ হওয়ার পথে চলে যায়।
ধরে নিন, ব্যবহারকারী পর্ন দেখার কোনো সেশন ছাড়াই কয়েক দিন কাটিয়ে দিলেন। তাঁর যৌন উত্তেজনা ফিরে আসছে, তিনি সেরে উঠতে শুরু করেছেন। প্রিয় পর্ন ভিডিওর সাইটগুলো তিনি খোলেননি, ফলে যে স্বাভাবিক উদ্দীপনায় আগে তাঁর কোনো সাড়া হতো না, এখন তাতেই তিনি যৌন উত্তেজনা অনুভব করছেন। যে কারণগুলোতে তিনি প্রথমে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেগুলো দ্রুত তাঁর মাথা থেকে মুছে যাচ্ছে। ব্যাপারটা গাড়ি চালানোর সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনা দেখার মতো। কিছুক্ষণের জন্য আপনি গতি কমাবেন, কিন্তু পরের বার নির্ধারিত সময়ে কোথাও পৌঁছাতে দেরি হলে অ্যাক্সিলারেটরে জোরে পা চাপবেন।
লড়াইয়ের অন্য পক্ষে আছে ছোট দানব, যে এখনও তার নেশার খোরাক পায়নি। কোনো শারীরিক ব্যথা নেই। সর্দি লেগে একই রকম অনুভূতি হলে আপনি কাজ বন্ধ করতেন না বা মনমরা হয়ে পড়তেন না, হেসেই উড়িয়ে দিতেন। ব্যবহারকারী শুধু এটুকুই জানেন যে তিনি তাঁর হারেমে যেতে চান। ছোট দানব সেটা জানে, আর সে মগজধোলাইয়ের বড় দানবকে সক্রিয় করে দেয়। ফলে কয়েক ঘণ্টা বা দিন আগেও যে মানুষটি ছাড়ার সব কারণের তালিকা করছিলেন, তিনিই এখন আবার শুরু করার জন্য মরিয়া হয়ে যেকোনো অজুহাত খুঁজছেন। তিনি এ রকম কথা বলতে শুরু করেন।
“জীবন বড্ড ছোট। একটা বোমা ফেটে যেতে পারে, কালই আমি বাসের নিচে পড়তে পারি। আমি বড্ড দেরি করে ফেলেছি। আজকাল তো বলে, সবকিছুতেই নাকি আসক্তি হয়।”
“আমি ভুল সময় বেছে নিয়েছি।”
“বড়দিন পার হওয়া পর্যন্ত, আমার ছুটি বা পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত, জীবনের এই চাপের ঘটনাটা কেটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল।”
“আমি মন দিতে পারছি না, দিন দিন খিটখিটে আর বদমেজাজি হয়ে যাচ্ছি, এমনকি নিজের কাজটাও ঠিকমতো করতে পারছি না।”
“আমার পরিবার আর বন্ধুরা আমাকে ভালোবাসবে না। সত্যিটা মেনে নেওয়া যাক, সবার মঙ্গলের জন্য আমাকে আবার শুরু করতেই হবে। আমি যে যৌনতায় আসক্ত, তা নিশ্চিত, আর যৌন চরমসুখ ছাড়া আমি আর কোনো দিন সুখী হতে পারব না।”
“যৌনতা ছাড়া কেউ বাঁচতে পারে না।” (মগজধোলাইটা করেছেন এমন সব মানুষ, যাঁরা ভালো চান, কিন্তু যৌনতার তান্ত্রিক আর প্রজননমূলক দিকের পার্থক্যটা বিবেচনায় নেন না।)
“আমি জানতাম এমনটা হবে। আগে অতিরিক্ত পর্ন ব্যবহারের ফলে ডোপামিনের মাত্রা হঠাৎ হঠাৎ বেড়ে যে পরিবর্তনগুলো ঘটিয়েছে, তার কারণে DeltaFosB আমার মস্তিষ্ককে ‘অতিসংবেদনশীল’ করে দিয়েছে। মস্তিষ্কের এই অতিসংবেদনশীলতা ‘কখনোই’ দূর করা যায় না।”
এই পর্যায়ে ব্যবহারকারী সাধারণত হার মানেন। ব্রাউজার খুলতেই মনের দ্বিধাবিভক্তি আরও বেড়ে যায়। একদিকে ছোট দানব অবশেষে তার নেশার খোরাক পায় আর তীব্র আকাঙ্ক্ষার অবসান হওয়ায় প্রচণ্ড স্বস্তি আসে। অন্যদিকে যৌন চরমসুখের অভিজ্ঞতাটা জঘন্য, আর ব্যবহারকারী বুঝতেই পারেন না কেন তিনি এটা করছেন। এ কারণেই ব্যবহারকারীর মনে হয় তাঁর ইচ্ছাশক্তির অভাব আছে। আসলে ইচ্ছাশক্তির অভাবের ব্যাপার নয়। তিনি শুধু মত বদলেছেন আর সর্বশেষ তথ্যের ভিত্তিতে পুরোপুরি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিয়েছেন।
“দুঃখে থাকলে সুস্থ বা ধনী হয়ে কী লাভ?”
একেবারেই কোনো লাভ নেই! দীর্ঘ জীবন দুঃখে কাটানোর চেয়ে কম দিন বেঁচে জীবনটা উপভোগ করা অনেক ভালো। সৌভাগ্যক্রমে যিনি পর্ন ব্যবহার করেন না, তাঁর বেলায় এ কথা খাটে না, কারণ তাঁর জীবন অসীম গুণ বেশি উপভোগ্য। ব্যবহারকারীর এই দুর্দশা প্রত্যাহারজনিত অস্বস্তির কারণে হচ্ছে না, যদিও শুরুতে সেই অস্বস্তিই এর সূত্রপাত করে। আসল যন্ত্রণা হলো সন্দেহ আর অনিশ্চয়তা থেকে মনের ভেতর যে টানাপোড়েন চলে। ব্যবহারকারী শুরুতেই মনে করেন যে তিনি ত্যাগ স্বীকার করছেন, তাই তাঁর বঞ্চিত বোধ হতে শুরু করে, আর বঞ্চনার অনুভূতিও এক ধরনের মানসিক চাপ।
এমনই একটা চাপের মুহূর্ত আসে যখন মস্তিষ্ক বলে ‘একবার উঁকি দিয়ে দেখুন’, অর্থাৎ ছাড়ামাত্রই তিনি আগের অভ্যাসে ফিরতে চান। কিন্তু তিনি ছেড়ে দিয়েছেন বলে তা করতে পারেন না। এতে তিনি আরও মনমরা হয়ে পড়েন, আর আবার সেই তাড়না জেগে ওঠে। কিছু একটা ঘটার অপেক্ষায় থাকাও ছাড়ার কাজটাকে এত কঠিন করে তোলে। আপনার লক্ষ্য যদি গাড়ি চালানোর পরীক্ষায় পাস করা হয়, তাহলে পাস করামাত্রই নিশ্চিত হয়ে যান যে লক্ষ্য পূরণ হয়েছে। ইচ্ছাশক্তির পদ্ধতিতে মনের কথা হলো, “আমি যদি যথেষ্ট দিন ইন্টারনেট পর্ন না দেখে থাকতে পারি, তাহলে একসময় দেখার তাড়না চলে যাবে।” অনলাইন ফোরামে এর বাস্তব উদাহরণ দেখতে পাবেন, যেখানে আসক্তরা টানা কত দিন পর্ন দেখেননি বা কত দিন বিরত আছেন, তা নিয়ে কথা বলেন।
আগেই বলা হয়েছে, ব্যবহারকারী যে যন্ত্রণার মধ্য দিয়ে যান তা মানসিক, আর তার কারণ অনিশ্চয়তা। শারীরিক ব্যথা না থাকলেও এর প্রভাব প্রবল। এখন তিনি দুঃখে আছেন, ভরসা পাচ্ছেন না, পর্ন ভুলে যাওয়া তো দূরের কথা, তাঁর মন এখন সন্দেহ আর ভয়ে ভরা।
“এই তীব্র আকাঙ্ক্ষা কত দিন থাকবে?”
“আমি কি আর কোনো দিন সুখী হতে পারব?”
“সকালে বিছানা ছেড়ে উঠতে কি আর কোনো দিন আমার ইচ্ছে করবে?”
“ভবিষ্যতে আমি মানসিক চাপ কী করে সামলাব?”
ব্যবহারকারী পরিস্থিতি ভালো হওয়ার অপেক্ষায় আছেন। কিন্তু তিনি যতক্ষণ মনমরা হয়ে বসে আছেন, ততই তাঁর কাছে ‘হারেম’ আরও মূল্যবান হয়ে উঠছে। আসলে কিছু একটা ঘটছেই, তবে তাঁর অজান্তে। কয়েক সপ্তাহ ব্রাউজার না খুলে কাটাতে পারলে ছোট দানবের তীব্র আকাঙ্ক্ষা মিলিয়ে যায়। তবে আগেই বলা হয়েছে, ডোপামিন আর ওপিওয়েডের প্রত্যাহারজনিত অস্বস্তি এতই মৃদু যে ব্যবহারকারী তা টেরও পান না। এই সময় অনেক ব্যবহারকারীর মনে হয় তাঁরা অভ্যাসটা ‘ঝেড়ে ফেলেছেন’। সেটা প্রমাণ করতে তাঁরা একবার উঁকি দেন, আর তাতেই আবার পানির স্লাইড বেয়ে নিচে নেমে যান। শরীরে ডোপামিন জোগানোর পর মনের কোণে এখন একটা ক্ষীণ স্বর বলে, “আপনি আরেকবার চান।” আসলে তাঁরা অভ্যাসটা ঝেড়ে ফেলেছিলেন, কিন্তু আবার নিজেরাই আসক্ত হয়ে পড়েছেন।
ছোটবেলায় আপনি কার্টুন দেখতেন, আর স্নায়ুবিজ্ঞানের মতে, তার জন্য আপনার মস্তিষ্কে স্নায়ুপথ তৈরি হয়েছিল (DeltaFosB)। কোনো শিশুকে কার্টুন দেখতে নিরুৎসাহিত করতে চাইলে আপনি খতিয়ে দেখতেন সেই স্নায়ুপথগুলো এখনও আছে কি না, আর প্রাপ্তবয়স্কদের জরিপ করে জানতে চাইতেন, ছোটবেলার প্রিয় কার্টুনগুলো এখন আর তাঁদের দেখতে ভালো লাগে না কেন। প্রথমত, এখন আরও ভালো বিনোদনের সুযোগ আছে। দ্বিতীয়ত, কার্টুনগুলোর সেই পুরোনো জাদু আর নেই। ইচ্ছাশক্তির পদ্ধতিতে আপনি শুধু শিশুটিকে কার্টুন দেখতে দিচ্ছেন না, আর EasyPeasy-তে আপনি এটাও নিশ্চিত করছেন যে সে কার্টুনে কোনো আকর্ষণ খুঁজে পায় না। কোনটা ভালো?
ব্যবহারকারী সাধারণত সঙ্গে সঙ্গেই আরেক দফা পর্ন দেখতে বসেন না। তিনি ভাবেন, “আমি আবার আসক্ত হতে চাই না!” তাই নিরাপদ মনে করে কয়েক ঘণ্টা, কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহও পার হতে দেন। তারপর সেই সাবেক ব্যবহারকারী বলতে পারেন, “আচ্ছা, আমি তো আসক্ত হইনি, তাই নিশ্চিন্তে আরেকবার দেখতে পারি।” প্রথমবার শুরু করার সময় যে ফাঁদে পড়েছিলেন, আবার সেই একই ফাঁদে পড়েছেন এবং ইতিমধ্যে পিচ্ছিল ঢাল বেয়ে নামতে শুরু করেছেন।
ইচ্ছাশক্তির পদ্ধতিতে যাঁরা সফল হন, তাঁদের কাছেও প্রক্রিয়াটা সাধারণত দীর্ঘ ও কঠিন মনে হয়, কারণ মূল সমস্যা হলো মগজধোলাই। শারীরিক আসক্তি কেটে যাওয়ার বহু পরও ব্যবহারকারী মনমরা হয়ে ঘুরে বেড়ান আর কষ্ট পান। অবশেষে, দীর্ঘদিনের এই যন্ত্রণা সহ্য করার পর তাঁর ধীরে ধীরে বোধ হয় যে তিনি আর হার মানবেন না। তখন তিনি মনমরা হয়ে থাকা ছেড়ে মেনে নেন যে পর্ন ছাড়াও জীবন চলে এবং উপভোগ করা যায়। সাফল্যের চেয়ে ব্যর্থতা অনেক বেশি। কারণ যাঁরা সফল হন, তাঁদের মধ্যেও কেউ কেউ সারা জীবন আবার আসক্ত হয়ে পড়ার ঝুঁকিতে থাকেন। মগজধোলাইয়ের কিছুটা রেশ থেকে যায়, যা তাঁদের বলে যে পর্ন সত্যিই তাঁদের একটু চাঙা করে। এ কারণেই বহু ব্যবহারকারী দীর্ঘদিন ছেড়ে থাকার পরও আবার শুরু করেন।
অনেক সাবেক ব্যবহারকারী মাঝেমধ্যে ‘বিশেষ পুরস্কার’ হিসেবে এক দফা পর্ন দেখেন, অথবা নিজের ওপর তাঁদের নিয়ন্ত্রণ কতটা শক্ত, তা নিজেদের কাছে প্রমাণ করতে দেখেন। এতে ঠিক সেটাই হয়। কিন্তু দেখা শেষ হতেই ডোপামিন কমতে শুরু করে, আর মনের কোণে একটা ক্ষীণ স্বর তাঁদের আরেকবার দেখার দিকে ঠেলতে থাকে। তাঁরা আবার দেখার সিদ্ধান্ত নিলে তখনও মনে হয় সব নিয়ন্ত্রণেই আছে। ধাক্কা দেওয়ার মতো কিছু নেই, আরও চরম কিছুর দিকে যাওয়া নেই, নতুন কিছুর খোঁজও নেই। তাই তাঁরা বলেন, “চমৎকার! আমি আসলে এটা উপভোগ করছি না, তবে আসক্তও হব না। বড়দিনের পর / এই ছুটির পর / এই মানসিক আঘাত কাটার পর ছেড়ে দেব।” তাঁরা ঘুণাক্ষরেও টের পান না যে তাঁদের মস্তিষ্কের পানির স্লাইডগুলো আরও পিচ্ছিল হয়ে গেছে।
বড্ড দেরি হয়ে গেছে, তাঁরা ইতিমধ্যেই আবার আসক্ত! যে ফাঁদ থেকে তাঁরা বহু কষ্টে বেরিয়ে এসেছিলেন, সেই ফাঁদই আবার তাঁদের শিকার করেছে।
আগেই বলা হয়েছে, উপভোগের কোনো ভূমিকা এখানে নেই। কখনোই ছিল না! উপভোগের জন্যই যদি আমরা দেখতাম, তাহলে কাজটা সারতে যতক্ষণ লাগে, তার চেয়ে বেশি সময় কেউ পর্ন ভিডিওর সাইটে থাকত না। যা-ই হোক, নিজেকে যৌনসুখ দেওয়ার আরও ভালো উপায় হলো স্মৃতির সাহায্য নেওয়া। আমরা ধরে নিই যে ইন্টারনেট পর্ন উপভোগ করি, কারণ উপভোগ না করলে আসক্ত হয়ে পড়ার মতো বোকামি আমরা করব, এটা বিশ্বাস করতে পারি না। বেশির ভাগ ব্যবহারকারীরই স্বাভাবিকের চেয়ে অনেক শক্তিশালী উদ্দীপনা, নতুনত্ব বা ধাক্কা জাগায় এমন কিছুর খোঁজ সম্পর্কে কোনো ধারণা নেই। আর এসব নিয়ে পড়ার পরও তাঁরা বিশ্বাস করেন না যে বিবর্তনের ফলে মস্তিষ্কের পুরস্কার-ব্যবস্থা যেভাবে গড়ে উঠেছে, সেটাই তাঁদের পর্ন ব্যবহারে তাড়িত করে। সে কারণেই পর্ন ব্যবহারের এতটা অবচেতনে ঘটে। স্নায়ুতন্ত্রে কী পরিবর্তন হচ্ছে তা যদি আপনি জানতেন, আর ভবিষ্যতে এর জন্য টাকা খরচের যৌক্তিকতা দেখাতে হতো, তাহলে উপভোগের ভ্রান্ত ধারণাটুকুও চলে যেত।
খারাপ দিকটা মন থেকে আড়াল করার চেষ্টা করলে নিজেদের বোকা মনে হয়। আর সেটার মুখোমুখি হতে হলে তা অসহ্য হয়ে উঠত! কোনো ব্যবহারকারীকে পর্ন দেখার সময় লক্ষ করলে দেখবেন, তিনি শুধু তখনই খুশি থাকেন যখন কী করছেন, সে বিষয়ে তাঁর হুঁশ থাকে না। খেয়াল হতেই তিনি সাধারণত অস্বস্তিতে পড়েন আর ক্ষমা চাইতে চান। পর্ন ছোট দানবকে খোরাক জোগায়। তাই ছোট দানবকে শরীর থেকে বিদায় করে মগজধোলাইও (বড় দানব) দূর করে দিলে, পর্ন দেখার প্রয়োজনও থাকবে না, ইচ্ছেও থাকবে না!