21 / 33

পর্ন ছাড়ার সহজ উপায়

এই অধ্যায়ে সহজে পর্ন ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো মেনে চললে দেখবেন, পর্ন ছাড়ার অভিজ্ঞতা মোটামুটি সহজ থেকে রীতিমতো আনন্দদায়কও হতে পারে! নিচের নির্দেশনাগুলো মেনে চললে পর্ন ছাড়া এত সহজ যে অবাক হবেন। আপনাকে শুধু দুটো কাজ করতে হবে।

  1. সিদ্ধান্ত নিন যে আপনি আর কখনো পর্ন দেখবেন না।

  2. এ নিয়ে মন খারাপ করে বসে থাকবেন না। আনন্দ করুন।

আপনি সম্ভবত জিজ্ঞেস করছেন, “তাহলে বইয়ের বাকি অংশের কী দরকার? শুরুতেই এ কথা বলতে পারতেন না?” উত্তর হলো, একসময় আপনি এ নিয়ে মন খারাপ করে বসে থাকতেন, আর তার ফলেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে ফেলতেন। সম্ভবত আগেও বহুবার এমন করেছেন।

আগেই বলেছি, পর্ন এক ধূর্ত, সর্বনাশা ফাঁদ, যা সহজে চোখে পড়ে না। পর্ন ছাড়ার পথে আসল সমস্যা মগজধোলাই। ডোপামিনের আসক্তি অবশ্যই একটা সমস্যা, তবে সেটাই প্রধান সমস্যা নয়। তাই আগে সব ভুল ধারণা আর ভ্রম ভেঙে ফেলা দরকার। শত্রুকে বুঝুন, তার কৌশল চিনুন, তাহলেই তাকে সহজে হারাতে পারবেন। জীবনের দীর্ঘ সময় পর্ন ছাড়ার চেষ্টা করতে গিয়ে ঘোর বিষণ্নতায় ভুগেছি। অবশেষে মুক্তি পাওয়ার পর এক ধাক্কায় পর্ন দেখা শূন্যে নামিয়ে আনলাম, আর একটা মুহূর্তও খারাপ কাটেনি। এমনকি প্রত্যাহারের সময়টাও আনন্দে কেটেছে। তারপর থেকে পর্নের জন্য সামান্যতম টানও অনুভব করিনি। উল্টো, এটা ছিল আমার জীবনের সবচেয়ে চমৎকার ঘটনাগুলোর একটি।

আমার শেষ চেষ্টাটা ছিল আলাদা। আজকাল যারা পর্ন দেখে, তাদের সবার মতো আমিও সমস্যাটা নিয়ে গুরুত্ব দিয়ে ভেবেছিলাম। তত দিন পর্যন্ত প্রতিবার ব্যর্থ হয়ে নিজেকে এই বলে সান্ত্বনা দিতাম যে পরের বার কাজটা সহজ হবে। বাকি জীবনটা এভাবেই কাটাতে হবে, এমন কথা আমার মাথায় কখনো আসেনি। সেই ভাবনায় আমি আতঙ্কিত হয়ে পড়লাম আর বিষয়টা নিয়ে খুব গভীরভাবে ভাবতে শুরু করলাম।

মনের অজান্তে ব্রাউজার খুলে বসার বদলে আমি নিজের অনুভূতিগুলো খতিয়ে দেখলাম। যা আগে থেকেই জানতাম, সেটাই নিশ্চিত হলো। পর্ন দেখে আমি আনন্দ পাচ্ছিলাম না, বরং সেটাকে নোংরা আর জঘন্য মনে হতো। পৃথিবীর অন্য অঞ্চলে থাকেন ও পর্ন দেখেন না এমন মানুষদের, আর পর্নের ভিডিও সাইটগুলোর সঙ্গে কখনো পরিচয় হয়নি এমন বয়স্ক মানুষদের লক্ষ করতে শুরু করলাম। তত দিন পর্যন্ত আমার বরাবরই ধারণা ছিল, যারা পর্ন দেখেন না, তাঁরা ব্যক্তিত্বহীন, মিশতে চান না আর খুঁতখুঁতে। কিন্তু তাঁদের সামনে পেয়ে ভালো করে লক্ষ করতেই মনে হলো, বরং তাঁরাই বেশি দৃঢ় আর স্বচ্ছন্দ। মনে হলো, তাঁরা জীবনের চাপ আর টানাপোড়েন সামলাতে পারেন এবং পর্ন দেখেন এমন মানুষের চেয়ে সামাজিক অনুষ্ঠান বেশি উপভোগ করেন। তাঁদের মধ্যে প্রাণচাঞ্চল্য আর জীবনের প্রতি উৎসাহ যে বেশি ছিল, তাতে সন্দেহ নেই।

যাঁরা পর্ন ছেড়েছেন, তাঁদের সঙ্গে কথা বলতে শুরু করলাম। তত দিন পর্যন্ত আমার বরাবরই ধারণা ছিল, স্বাস্থ্যগত বা ধর্মীয় কারণে তাঁরা পর্ন ছাড়তে বাধ্য হয়েছেন, আর মনে মনে সব সময় একবার হারেমে ঢুঁ মারার জন্য মুখিয়ে থাকেন। কয়েকজন অবশ্য বললেন, “মাঝেমধ্যে টান অনুভব হয়, তবে তা এতই কদাচিৎ যে এ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই।” বেশির ভাগই বরং বললেন, “পর্নের অভাব বোধ করি? নিশ্চয়ই মজা করছেন! জীবন আগে কখনো এত ভালো লাগেনি!” এমনকি ব্যর্থতা থেকেও তাঁরা এগিয়ে যেতেন। নিজেদের দোষারোপ না করে নিঃশর্তভাবে মেনে নিতেন। ঠিক যেমন একজন কোচ সত্যিই অসাধারণ কোনো খেলোয়াড়ের ভুল মেনে নেন। তাঁদের সঙ্গে কথা বলে আমার মনের আরেকটা পুরোনো ভুল ধারণা ভেঙে গেল। বরাবর ভাবতাম, দুর্বলতাটা আমার ভেতরেই আছে। তখন বুঝলাম, এই গোপন দুঃস্বপ্নের মধ্য দিয়ে সবাইকেই যেতে হয়।

মোট কথা, নিজেকে বললাম, “এখন কত মানুষ পর্ন ছেড়ে দিব্যি সুখে জীবন কাটাচ্ছেন। শুরু করার আগে তো আমার পর্নের দরকার হতো না, আর মনে আছে, এই নোংরা জিনিসে অভ্যস্ত হতে কত কষ্ট করতে হয়েছিল। তাহলে এখন আমার এটা কেন দরকার?” যা-ই হোক, পর্ন দেখে আমি আনন্দ পেতাম না, পুরো নোংরা আচারটাই ঘৃণা করতাম, আর এই জঘন্য আসক্তির দাস হয়ে বাকি জীবন কাটাতে চাইতাম না। তারপর নিজেকে এই কথাটা বললাম।

“আপনার ভালো লাগুক আর না লাগুক, শেষবারের মতো পর্ন দেখা হয়ে গেছে।”

ঠিক সেই মুহূর্ত থেকেই জানতাম, আমি আর কখনো পর্ন দেখতে বসব না। কাজটা সহজ হবে বলে ভাবিনি, বরং ঠিক উল্টোটাই ভেবেছিলাম। আমার পুরো বিশ্বাস ছিল, এই সিদ্ধান্ত নিয়ে মাসের পর মাস ঘোর বিষণ্নতায় ভোগা আর বাকি জীবন মাঝেমধ্যে পর্নের টান অনুভব করা মেনে নিয়েছি। অথচ শুরু থেকেই অভিজ্ঞতাটা ছিল নির্ভেজাল আনন্দের।

কাজটা কেন এত সহজ হলো আর প্রত্যাহারের সেই ভয়ংকর যন্ত্রণা কেন আমাকে পোহাতে হলো না, তা বুঝতে আমার অনেক সময় লেগেছিল। কারণ, সেই যন্ত্রণার কোনো অস্তিত্বই নেই। সন্দেহ আর অনিশ্চয়তা থেকেই যন্ত্রণাটা তৈরি হয়। আনন্দের সত্যটা হলো, পর্ন ছাড়া সহজ। কেবল সিদ্ধান্তহীনতা আর মন খারাপ করে বসে থাকাই কাজটা কঠিন করে তোলে। আসক্ত থাকা অবস্থাতেও যাঁরা পর্ন দেখেন, তাঁরা কোনো কোনো সময় তুলনামূলকভাবে দীর্ঘ সময় পর্ন না দেখেই কাটাতে পারেন। দেখতে ইচ্ছে করছে অথচ দেখতে পারছেন না, কষ্টটা শুধু তখনই হয়।

তাই সহজে ছাড়ার উপায় হলো, পর্ন ছাড়ার সিদ্ধান্তটা নিশ্চিত ও চূড়ান্ত করা। সিদ্ধান্ত নেওয়ার পর ছেড়েছেন বলে শুধু আশা করবেন না, নিশ্চিতভাবে জানবেন যে আপনি ছেড়ে দিয়েছেন। এ নিয়ে কখনো সন্দেহ করবেন না বা সিদ্ধান্তটা নিয়ে প্রশ্ন তুলবেন না। বরং সব সময় আনন্দ করুন! শুরু থেকেই নিশ্চিত থাকতে পারলে কাজটা সহজ হবে। কিন্তু শুরু থেকেই কীভাবে নিশ্চিত থাকবেন? সে জন্যই বইয়ের বাকি অংশ দরকার। শুরু করার আগে কয়েকটি জরুরি বিষয় নিজের মনে পরিষ্কার করে নিতে হবে।

  1. বুঝে নিন, আপনি এটা করতে পারবেন। অন্যদের চেয়ে আপনার মধ্যে আলাদা কিছু নেই, আর একমাত্র আপনিই নিজেকে পর্ন দেখতে বাধ্য করতে পারেন। ওই তারকা আপনাকে বাধ্য করতে পারেন না। তাঁকে যে পুরুষের যৌন সক্ষমতা কমানোর কাজে ব্যবহার করা হচ্ছে, তা তিনি স্বপ্নেও ভাবেননি।

  2. ত্যাগ করার মতো কিছুই নেই। উল্টো, এতে বিরাট লাভ আছে। আপনার স্বাস্থ্য ভালো হবে, হাতে বেশি টাকা থাকবে, ভালো সময়গুলো আরও উপভোগ করবেন আর খারাপ সময়ে কম কষ্ট পাবেন।

  3. একটু উঁকি দেওয়া বা মাত্র একবার সাইটে ঢোকা বলে কিছু নেই। পর্নোগ্রাফি মাদকের মতোই এক আসক্তি, যেখানে একবার দেখলে তা থেকে পরেরবার দেখার সূত্রপাত হয়। কদাচিৎ একবার সাইটে ঢোকা নিয়ে আক্ষেপ করে আপনি শুধু অকারণে নিজেকে শাস্তি দেবেন।

  4. ‘ছেলেরা তো এমন করবেই’ বলে পর্নকে এমন একটা অভ্যাস ভাববেন না যা আপনার কিছু ক্ষতি করতে পারে। একে মাদকের আসক্তি হিসেবেই দেখুন। আপনার ভালো লাগুক আর না লাগুক, সত্যটা মেনে নিন, রোগটা আপনার হয়েছে। বালিতে মাথা গুঁজে থাকলে রোগটা সেরে যাবে না। মনে রাখবেন, অন্য সব পঙ্গু করে দেওয়া রোগের মতো এটাও সারা জীবন থাকে এবং জ্যামিতিক হারে আরও খারাপ হতে থাকে। এটা সারানোর সবচেয়ে সহজ সময় হলো এখনই।

  5. রোগটাকে, অর্থাৎ স্নায়ুতন্ত্রের আসক্তিকে, আপনি নিজেকে পর্ন দেখেন এমন একজন ভাবেন কি না, সেই মানসিকতা থেকে আলাদা করে দেখুন। যাঁরা পর্ন দেখেন, তাঁদের সবাই যদি আসক্ত হওয়ার আগের সময়ে ফিরে যাওয়ার সুযোগ পেতেন, তাহলে লুফে নিতেন। আজ আপনার কাছে সেই সুযোগ আছে! এটাকে কোনো কিছু ‘ত্যাগ করা’ হিসেবে ভাববেনই না।

যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে শেষবারের মতো পর্নের সাইটে ঢোকা হয়ে গেছে, তখন থেকেই আপনি আর পর্ন দেখেন না। যাঁরা পর্ন দেখেন, তাঁরা সেই দুর্ভাগা মানুষদের দলে পড়েন, যাঁরা পর্ন দিয়ে নিজেদের ধ্বংস করতে করতে জীবন কাটান। যিনি পর্ন দেখেন না, তিনি এমনটা করেন না। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার লক্ষ্য পূরণ হয়ে গেছে। এই সত্যটা নিয়ে আনন্দ করুন। রাসায়নিক আসক্তি কেটে যাওয়ার অপেক্ষায় মন খারাপ করে বসে থাকবেন না। এখনই বেরিয়ে পড়ুন আর জীবন উপভোগ করুন। আসক্ত থাকা অবস্থাতেও জীবন চমৎকার, আর আসক্তি চলে গেলে প্রতিটা দিন আরও অনেক ভালো হয়ে উঠবে।

সহজে ছাড়ার উপায় হলো এই নিশ্চয়তা রাখা যে প্রত্যাহারের সময়টুকুতে, অর্থাৎ সর্বোচ্চ তিন সপ্তাহ, আপনি পর্ন দেখা থেকে পুরোপুরি বিরত থাকতে পারবেন। ঠিক মানসিকতা থাকলে দেখবেন, কাজটা অবাক করার মতো সহজ।

শুরুতে যেমন বলা হয়েছিল, তেমন করে খোলা মনে পড়ে থাকলে এতক্ষণে আপনি মুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখন আপনার মধ্যে এমন উচ্ছ্বাস থাকার কথা, যেন দড়িতে বাঁধা একটা কুকুর ছুটে যাওয়ার জন্য টান দিচ্ছে। পর্নের দিকে নিয়ে যাওয়া DeltaFosB-এর জলঢালগুলো ভেঙে ফেলার জন্য আপনার আর তর সইছে না। আর যদি মনে হয় সামনে শুধুই বিপদ আর হতাশা, তাহলে তার কারণ হবে নিচের কোনো একটি।

  1. কোনো একটা কথা আপনার মনে ঠিকমতো বসেনি। ওপরের পাঁচটি বিষয় আবার পড়ুন আর নিজেকে জিজ্ঞেস করুন, আপনি সেগুলো সত্য বলে বিশ্বাস করেন কি না। কোনো বিষয় নিয়ে সন্দেহ থাকলে বইয়ের সংশ্লিষ্ট অংশগুলো আবার পড়ুন।

  2. আপনি ব্যর্থ হওয়ার ভয়েই ভুগছেন। চিন্তা করবেন না, শুধু পড়ে যান, আপনি সফল হবেন। ইন্টারনেট পর্নের পুরো কারবারটাই মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে চালানো এক বিশাল প্রতারণা। বুদ্ধিমান মানুষও এমন প্রতারণায় পা দেন। তবে প্রতারণাটা ধরে ফেলার পরও কেবল বোকাই নিজেকে ভুল বুঝিয়ে যায়।

  3. সব কথায় একমত হয়েও আপনার মন খারাপ। মন খারাপ করবেন না! চোখ খুলে দেখুন, দারুণ একটা কিছু ঘটছে। আপনি হাজত থেকে বেরিয়ে আসতে চলেছেন। তাই শুরুতেই ঠিক মানসিকতা থাকাটা জরুরি। “কী দারুণ, আমি আর পর্ন দেখি না!”

এখন শুধু প্রত্যাহারের সময়টায় এই মানসিকতা ধরে রাখতে হবে। পরের কয়েকটি অধ্যায়ে এমন কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যা আপনাকে এই মানসিকতা ধরে রাখতে সাহায্য করবে। প্রত্যাহারের সময় পেরিয়ে গেলে এভাবে ভাবার জন্য আর আলাদা করে চেষ্টা করতে হবে না। এমনিতেই এভাবে ভাববেন। আপনার জীবনের একমাত্র রহস্য তখন হবে, এত দিন কেন ব্যাপারটা বুঝতে পারেননি। তবে দুটো জরুরি সতর্কবার্তা আছে।

ব্যাপারটা এভাবে ভাবুন। আপনার মস্তিষ্ক চায় সবকিছু যেমন চলছে তেমনই চলুক। তাই পর্ন ছাড়লে ভালো কিছু হারাবেন বলে যদি বিশ্বাস করেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনার ভীষণ খারাপ লাগবে। আপনার মস্তিষ্ক যা বিশ্বাস করে না, তা জোর করে নিজেকে অনুভব করানো অসম্ভব। সে জন্যই পর্নোগ্রাফি আপনাকে আদৌ কিছু দেয়, এই ভ্রমটা দূর করার কষ্টটুকু করা জরুরি। এভাবেই বুঝবেন, আপনি কিছুই ত্যাগ করছেন না।

যৌন অক্ষমতার সঙ্গে আপনার মস্তিষ্ক ও মানসিক অবস্থার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ইন্টারনেট পর্ন আপনার মস্তিষ্কের পুরস্কার-ব্যবস্থার সংযোগগুলো বদলে দেয় এবং মনে সন্দেহের অভ্যাস তৈরি করে। নিজের ওপর এই সন্দেহ নিঃসন্দেহে যৌন অক্ষমতার কারণ হবে। মাথায় যৌন আকাঙ্ক্ষা প্রবল অথচ শরীরের নিচের অংশে কোনো যৌন উত্তেজনা নেই, এমন অবস্থায় পড়া আপনার মানসিকতার জন্য সবচেয়ে খারাপ ব্যাপার। প্রেমের সঙ্গে যৌন আকাঙ্ক্ষা হাত ধরাধরি করে চললে তা হয়ে ওঠে যৌবনের সুধা, যা মৃত্যুর আগ পর্যন্ত উপভোগ করতে পারেন। পর্ন ছাড়লে সেই সম্ভাবনা বেশি থাকবে, তবে এটাই একমাত্র বা প্রধান লাভ নয়। আসল লাভ হলো দাসত্ব থেকে আপনার মুক্তি!