26 / 33

প্রলোভনে পড়তে পারি এমন পরিস্থিতি কি এড়িয়ে চলব?

এ পর্যন্ত পরামর্শগুলো ছিল সরাসরি, আর আপনাকে বলা হয়েছে সেগুলোকে নিছক পরামর্শের বদলে নির্দেশনা হিসেবে নিতে। এসব পরামর্শের পেছনে যুক্তিসংগত, বাস্তব কারণ আছে, আর হাজার হাজার কেস স্টাডি সেসব কারণকে সমর্থন করে। তবে প্রলোভন এড়ানোর চেষ্টা করবেন কি না, সে প্রশ্নে একই কথা খাটে না। পর্ন দেখেন এমন প্রত্যেককেই নিজের জন্য সিদ্ধান্ত নিতে হবে। তবে এই প্রক্রিয়ায় আপনাকে সাহায্য করার জন্য দুটি পরামর্শ দেওয়া যায়। ভবিষ্যতে পর্ন ছাড়ার পর যে অস্বস্তির ঝটকা আসতে পারে, তার ভয়ই আমাদের বাকি জীবন পর্ন দেখতে বাধ্য করে। এই ভয়ের দুটি আলাদা পর্যায় আছে।

প্রথম পর্যায় — “পর্ন ছাড়া আমি কীভাবে টিকে থাকব?”

পর্ন ব্যবহারকারী যখন সঙ্গীহীন থাকেন, কিংবা তাঁর সঙ্গী অ্যাসেক্সুয়াল, যৌনতায় অনাগ্রহী বা যৌনসম্পর্কের জন্য তাঁর কাছে উপলব্ধ নন, তখন যে আতঙ্কের অনুভূতি হয়, সেটাই এই ভয়। পর্ন ছাড়ার অস্বস্তির ঝটকা থেকে এই ভয়ের জন্ম হয় না। এটা নির্ভরশীল হয়ে পড়ার মানসিক ভয়, যৌনমিলন আর যৌন তৃপ্তির চূড়ান্ত মুহূর্ত বা অর্গাজম ছাড়া টিকে থাকতে না পারার ভয়। পর্ন ছাড়ার ঠিক আগমুহূর্তে এই ভয় সবচেয়ে তীব্র হয়, যখন পর্ন ছাড়ার অস্বস্তি আপনার সবচেয়ে কম থাকে। এটা অজানার ভয়, পানিতে ঝাঁপ দিতে শেখার সময় মানুষের যে ধরনের ভয় হয়, ঠিক তেমন।

ঝাঁপ দেওয়ার বোর্ডটা এক ফুট উঁচু, কিন্তু মনে হয় ছয় ফুট উঁচু। পানির গভীরতা ছয় ফুট, কিন্তু মনে হয় এক ফুট। মাথায় আঘাত লেগে মাথা ফেটে যাবেই বলে যখন মনে হয়, তখন ঝাঁপ দিতে সাহস লাগে। ঝাঁপ দেওয়াটাই সবচেয়ে কঠিন। সেটুকু করার সাহস পেলে বাকিটা সহজ! এ কারণেই প্রবল ইচ্ছাশক্তি আছে এমন অনেক পর্ন ব্যবহারকারী কখনো ছাড়ার চেষ্টাই করেননি, কিংবা চেষ্টা করলেও মাত্র কয়েক দিন টিকে থাকতে পারেন। আসলে, নিয়ম বেঁধে পর্ন দেখেন এমন কিছু মানুষ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর একটানা প্রচুর পর্ন দেখেন এবং সিদ্ধান্তটা না নিলে যত দ্রুত আরও চরম ভিডিও ক্লিপের দিকে যেতেন, তার চেয়েও দ্রুত সেদিকে যান। সিদ্ধান্তটা আতঙ্ক তৈরি করে, সেই আতঙ্ক থেকে চাপ বাড়ে, আর সেই চাপ হারেমে ঢুঁ মারার সংকেত হয়ে দাঁড়ায়। কিন্তু এখন আর সেখানে যেতে পারবেন না বলে মনে হয় আপনি কিছু একটা থেকে বঞ্চিত হচ্ছেন, আর তাতে চাপ আরও বাড়ে।

ধৈর্যের বাঁধ ভেঙে আপনি ব্রাউজার খুললেই সেই সংকেত দ্রুত কাজ করতে শুরু করে। চিন্তা করবেন না, আতঙ্কটা শুধুই মানসিক। এটা আপনার নির্ভরশীল হয়ে পড়ার ভয়। সুন্দর সত্যটা হলো, আপনি নির্ভরশীল নন, এমনকি এখনও আসক্ত থাকলেও। আতঙ্কিত হবেন না, ঝাঁপ দিন।

দ্বিতীয় পর্যায় — দীর্ঘমেয়াদি ভয়

দ্বিতীয় পর্যায়ের ভয়টা দীর্ঘমেয়াদি। ভয় হয়, ভবিষ্যতে কিছু পরিস্থিতি আর উপভোগ করতে পারবেন না, কিংবা পর্ন ছাড়া মানসিক আঘাত সামলাতে পারবেন না। চিন্তা করবেন না, ঝাঁপ দিতে পারলে দেখবেন ঠিক উল্টোটাই সত্যি। প্রলোভন এড়ানোর বিষয়টিও দুই ভাগে পড়ে।

  1. “আমি নিয়ম করব, চার দিনে একবার পর্ন দেখব। পরিস্থিতি কঠিন হয়ে পড়লে অনলাইনে যেতে পারব, এটা জানলে আমার আত্মবিশ্বাস বাড়বে। ব্যর্থ হলেও ঠিক আছে, পরের দফায় শুধু আরও কয়েক দিন যোগ করে দেব।”

    যাঁরা এটা করেন, তাঁদের ব্যর্থতার হার একেবারে ছেড়ে দেন যাঁরা, তাঁদের চেয়ে অনেক বেশি। এর প্রধান কারণ হলো, পর্ন ছাড়ার পরের অস্বস্তির সময়টা পার করতে গিয়ে কোনো মুহূর্তে খারাপ লাগলে ওপরের অজুহাতগুলো দেখিয়ে ব্রাউজার খুলে হারেমে ঢুঁ মারা সহজ। নিজের নিয়ম ভাঙাটা যদি জানালার কাচ চুরমার হয়ে যাওয়ার মতোই স্পষ্ট হয় এবং তাতে আপনার লজ্জা লাগে, তাহলে প্রলোভন কাটিয়ে ওঠার সম্ভাবনা বেশি। যা-ই হোক, একটু দেরি করলে ততক্ষণে অস্বস্তির ঝটকাটা সম্ভবত কেটে যেত। তবে এসব ক্ষেত্রে ব্যর্থতার হার এত বেশি হওয়ার মূল কারণ হলো, ব্যবহারকারী শুরু থেকেই পর্ন ছাড়ার ব্যাপারে পুরোপুরি দৃঢ়প্রতিজ্ঞ বোধ করেননি। মনে রাখবেন, সফল হতে দুটি জিনিস অপরিহার্য।

    • নিশ্চয়তা।

    • “আমার আর পর্নের দরকার নেই, কী চমৎকার, তাই না?”

    দুই ক্ষেত্রেই, আপনার আবার পর্ন দেখতে বসার কী এমন দরকার? এখনও যদি নিজের হারেমে যাওয়ার দরকার বোধ করেন, আগে বইটা আবার পড়ুন। কোনো একটা কথা এখনও ঠিকমতো মনে বসেনি। সময় নিয়ে আপনার মনের মধ্যে মগজধোলাইয়ের সেই বড় দানবটাকে একেবারে মেরে ফেলুন।

  2. “পর্ন ছাড়ার পরের অস্বস্তির সময়ে কি চাপের পরিস্থিতি বা সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলব?”

    চাপের পরিস্থিতির ক্ষেত্রে, হ্যাঁ। নিজের ওপর অযথা চাপ দেওয়ার কোনো মানে হয় না। বার বা ক্লাবে যাওয়ার মতো সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে পরামর্শটা উল্টো। এখনই বেরিয়ে পড়ুন, আনন্দ করুন! পর্নে আসক্ত থাকলেও আপনার যৌনমিলন বা যৌনমিলনের প্রজননমূলক দিকটির কোনো প্রয়োজন নেই। বাইরে যান আর এই ভেবে আনন্দ করুন যে আপনাকে যৌনমিলন করতেই হবে না, সন্তান জন্ম দেওয়ার জন্যও যৌনমিলন করতে হবে না। এতে আপনি দ্রুতই সেই সুন্দর সত্যটা বুঝতে পারবেন যে এসব চাপ ছাড়া জীবন কত ভালো। একবার ভাবুন, ছোট দানবটা যখন চলে যাবে আর তার সঙ্গে ‘এগুলো আমার চাই-ই’ ধরনের চিন্তাগুলোও বিদায় নেবে, তখন জীবন কতটা ভালো হবে।