9 / 33
স্বাস্থ্য
এই বিষয়েই পর্ন ব্যবহারকারীদের মগজধোলাই সবচেয়ে বেশি হয়, বিশেষ করে যারা তরুণ ও সঙ্গীহীন। তাঁরা মনে করেন স্বাস্থ্যের ঝুঁকিগুলো জানেন, অথচ জানেন না। পরিণতি মেনে নিতে প্রস্তুত বলে অনেকে নিজেকেই ধোঁকা দেন। ধরুন, আপনার ইন্টারনেট রাউটারে এমন একটা ব্যবস্থা আছে যে পর্ন সাইটে ঢুকলেই অ্যালার্ম বাজিয়ে সতর্ক করে বলবে, “এতক্ষণ আপনি পার পেয়ে গেছেন, কিন্তু আর এক মিনিট থাকলেই আপনার মাথা ফেটে যাবে।” আপনি কি তখনও থাকতেন? উত্তর নিয়ে সন্দেহ থাকলে কোনো খাড়া পাহাড়ের কিনারায় গিয়ে চোখ বন্ধ করে দাঁড়ান। তারপর কল্পনা করুন, আপনার সামনে দুটো পথ আছে—পর্ন ছেড়ে দেওয়া, অথবা চোখ বাঁধা অবস্থায় সামনে এগিয়ে যাওয়া।
আপনি কোনটা বেছে নেবেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু বালিতে মাথা গুঁজে যদি আশা করেন যে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন আর পর্ন দেখতে ইচ্ছে করছে না, তাতে কিছুই হবে না। পর্ন ব্যবহারকারীরা স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে নিজেকে ভাবতে দিতে পারেন না, কারণ ভাবলেই আসক্তি থেকে পাওয়া মিথ্যা আনন্দটুকু চলে যায়। এ কারণেই পর্ন ছাড়ার প্রথম দিকে ধাক্কা দিয়ে সচেতন করার পদ্ধতি এতটা অকার্যকর। মস্তিষ্কের ক্ষতিকর পরিবর্তনগুলো নিয়ে পড়ার সাহস কেবল তাঁরাই করেন, যাঁরা পর্ন ব্যবহার করেন না।
পর্ন ব্যবহারকারীদের সঙ্গে প্রায়ই এমন কথোপকথন হয়, বিশেষ করে কমবয়সীদের সঙ্গে।
আমি: “আপনি কেন ছাড়তে চান?”
ব্যবহারকারী: “নারীদের পটানোর কৌশল শেখান এমন একজনের ব্লগে পড়েছি, নিজের যৌন উত্তেজনা বাড়াতে চার দিন বিরতি নেওয়া ভালো।”
আমি: “স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে আপনার চিন্তা হয় না?”
ব্যবহারকারী: “না, কালই তো বাসের তলায় পড়ে যেতে পারি।”
আমি: “কিন্তু আপনি কি ইচ্ছে করে বাসের সামনে পা বাড়াবেন?”
ব্যবহারকারী: “অবশ্যই না।”
আমি: “রাস্তা পার হওয়ার সময় কি আপনি ডানে-বাঁয়ে দেখার কষ্টটুকু করেন না?”
ব্যবহারকারী: “অবশ্যই দেখি।”
ঠিক তাই। বাসের তলায় যাতে না পড়েন, সে জন্য তাঁরা এত সতর্কতা অবলম্বন করেন, অথচ তেমন কিছু ঘটার সম্ভাবনা হাজারে এক। তবু আসক্তি যে তাঁদের প্রায় নিশ্চিতভাবেই অক্ষম করে দেবে, সেই ঝুঁকি তাঁরা নেন এবং দেখে মনে হয় এ ব্যাপারে তাঁদের কোনো ধারণাই নেই। মগজধোলাইয়ের ক্ষমতা এমনই। ইন্টারনেট পর্ন ভেড়ার ছদ্মবেশে নেকড়ে। ব্যাপারটা অদ্ভুত নয় কি? বিমানে সামান্যতম ত্রুটি আছে বলে মনে হলেও আমরা তাতে চড়ব না, যদিও বিপদের সম্ভাবনা কয়েক মিলিয়নে এক। অথচ পর্নের বেলায় চারে একেরও বেশি ঝুঁকি নিই, আর দেখে মনে হয় সে ব্যাপারে আমাদের কোনো ধারণাই নেই। এতে ব্যবহারকারী কী পান? একেবারে কিছুই না!
বিষণ্ণতা বা খিটখিটে মেজাজ নিয়েও একটা ভুল ধারণা চালু আছে। কমবয়সী অনেকেই স্বাস্থ্যের কথা ভেবে চিন্তিত হন না, কারণ তাঁরা কোনো বিষণ্ণতা বা মনমরা ভাব অনুভব করেন না। বিষণ্ণতা বা মানসিক চাপ রোগ নয়, রোগের লক্ষণ। কমবয়সীদের শরীর স্বাভাবিকভাবেই বেশি ডোপামিন তৈরি করতে পারে বলে সাধারণত তাঁরা এর ফলে তৈরি হওয়া খিটখিটে ভাব বা বিষণ্ণতা টের পান না। বয়স বাড়লে বা জীবনে বড় কোনো ধাক্কা এলে তাঁদের শরীরের যে সামর্থ্য আগেই ক্ষয় হয়েছে, তার ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং লক্ষণগুলো পুরোপুরি প্রকাশ পায়। বেশি বয়সী ব্যবহারকারীরা যখন মানসিক চাপ, বিষণ্ণতা বা বিরক্তি অনুভব করেন, তখন প্রকৃতির নিজস্ব সুরক্ষাব্যবস্থা রিসেপ্টরের সংখ্যা কমিয়ে অতিরিক্ত ডোপামিনের প্লাবন থেকে স্নায়ুতন্ত্রকে রক্ষা করছে বলেই এমনটা হয়। ব্যবহারকারীর স্নায়ুতন্ত্রে আরও কিছু পরিবর্তন ঘটে, যা তাঁকে একই চক্রে আটকে রাখে।
এভাবে ভাবুন। আপনার একটা ভালো গাড়ি থাকলে আর আপনি কিছুই না করে সেটাতে মরচে ধরতে দিলে, সেটা বেশ বোকামি হবে। অল্প সময়েই সেটা মরচে ধরা এমন একটা অচল স্তূপ হয়ে যাবে, যা আপনাকে কোথাও নিয়ে যেতে পারবে না। তবু তাতে দুনিয়া শেষ হয়ে যাবে না, কারণ ব্যাপারটা শুধু টাকার। কিন্তু আপনার শরীরই সেই বাহন, যা আপনাকে সারা জীবন বয়ে নিয়ে যায়। আমরা সবাই বলি, স্বাস্থ্যই আমাদের সবচেয়ে বড় সম্পদ। অসুস্থ কোনো কোটিপতিকে জিজ্ঞেস করে দেখুন। আমাদের বেশির ভাগের জীবনেই এমন কোনো অসুখ বা দুর্ঘটনার স্মৃতি আছে, যখন আমরা সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করেছি। পর্ন ব্যবহার করে আপনি শুধু মরচে ধরতে দিচ্ছেন আর তা ঠেকাতে কিছুই করছেন না, তা-ই নয়। যে একমাত্র বাহনে চড়ে আপনাকে পুরো জীবনটা পার করতে হবে, সেটাকে ধাপে ধাপে ধ্বংস করছেন।
বুঝতে চেষ্টা করুন। এটা করে যেতে আপনি বাধ্য নন। মনে রাখুন, এতে আপনার একেবারেই কোনো লাভ হচ্ছে না। এক মুহূর্তের জন্য বালি থেকে মাথাটা তুলুন আর নিজেকে জিজ্ঞেস করুন, আপনি যদি নিশ্চিতভাবে জানতেন যে পরের বার পর্ন দেখলেই এমন একটা প্রক্রিয়া শুরু হবে, যার ফলে গভীরভাবে ভালোবাসেন এমন একজনের প্রতি আপনি একেবারেই সাড়া দিতে পারবেন না, তাহলে কি দেখতেই থাকতেন? যাঁদের সঙ্গে এমনটা ঘটেছে, তাঁদের সঙ্গে কথা বললে বোঝা যায়, তাঁরাও নিশ্চয়ই ভাবেননি যে তাঁদের বেলায় এটা ঘটবে। তাঁদের কাছে সবচেয়ে কষ্টের ব্যাপার রোগটা নিজে নয়, বরং এটা জানা যে তাঁরা নিজেরাই সেটা ডেকে এনেছেন। যাঁরা ‘বোতাম টিপে ফেলেছেন’, তাঁদের কেমন লাগে তা কল্পনা করার চেষ্টা করুন। তাঁদের মগজধোলাইয়ের প্রভাব কেটে গেছে। তাঁরা বাকি জীবনটা এই ভেবে কাটান, “ইন্টারনেট পর্ন দেখে হস্তমৈথুন করা আমার দরকার, এত দিন কেন নিজেকে এই বলে ধোঁকা দিলাম? আহা, যদি ফিরে যাওয়ার সুযোগ পেতাম!”
নিজেকে ধোঁকা দেওয়া বন্ধ করুন, সেই সুযোগ আপনার আছে। এটা একটা শৃঙ্খল প্রতিক্রিয়া। আপনি আর একবার পর্ন দেখলে, সেই একবার আপনাকে তার পরের বার, তারপর আবার তার পরের বারের দিকে ঠেলে দেবে। আপনার বেলায় এটা ইতিমধ্যেই ঘটছে। EasyPeasy প্রতিশ্রুতি দেয়, আপনাকে ধাক্কা দিয়ে সচেতন করার চেষ্টা করা হবে না। তাই আপনি যদি ইতিমধ্যেই ছাড়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, পরের কথাগুলো পড়ে ধাক্কা খাবেন না। সিদ্ধান্ত নিয়ে না থাকলে, এই অধ্যায়ের বাকি অংশ এড়িয়ে যান আর বইয়ের বাকি অংশ পড়া হলে এখানে ফিরে আসুন।
ইন্টারনেট পর্ন আমাদের যৌনজীবন ও মানসিক সুস্থতার যে ক্ষতি করে, তা নিয়ে ইতিমধ্যেই খণ্ডের পর খণ্ড গবেষণা লেখা হয়েছে। সমস্যা হলো, ব্যবহারকারীরা ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত এসব জানতে চান না। ফোরাম আর পরামর্শদাতা দলগুলোতে সময় কাটিয়ে লাভ নেই, কারণ পর্ন তাঁদের চোখে ঠুলি পরিয়ে রাখে। ঘটনাচক্রে এসব পড়ে ফেললে তাঁরা প্রথমেই নিজেদের প্রিয় ভিডিও সাইটটা খুলে বসেন। সুখ, মানসিক চাপ আর যৌনজীবন নিয়ে পর্নের ঝুঁকিগুলোকে তাঁরা ভাগ্যের ব্যাপার বলে ভাবেন, যেন মাটিতে পোঁতা মাইনের ওপর পা পড়বে কি না, সেই প্রশ্ন।
কথাটা মাথায় ঢোকান, এটা ইতিমধ্যেই ঘটছে। প্রতিবারই যখন আপনি আপনার পর্ন সাইট খোলেন, তখন ডোপামিনের প্লাবন শুরু হয় আর ওপিওয়েডগুলো কাজ করতে শুরু করে। স্নায়ুপথের পানির স্লাইডগুলো পিচ্ছিল করে রাখা আছে, আর তাতে চড়ে আপনি মসৃণভাবে পরের ধাপগুলো পেরিয়ে যান, কারণ আপনার মস্তিষ্ক আগেই বাঁধা ছকে সায় দিয়েছে। এখন স্নায়ুতন্ত্র ডোপামিনে ভেসে যাচ্ছে। আর এমনটা গুনে শেষ করা যায় না এতবার ঘটেছে বলে ডোপামিন রিসেপ্টরগুলো বন্ধ হয়ে যায়। আগের বারের তুলনায় আনন্দের এই সামান্য ঘাটতিটুকু কাজে লাগিয়ে ছোট দানব আপনাকে বিপদের সীমার আরও ওপারে, আরও চমকে দেওয়ার মতো পর্ন বা আচরণের দিকে ঠেলে দেয়, যাতে আরও ডোপামিন নিঃসৃত হয়। আরও নতুনত্ব, আরও ডোপামিন, আর ছোট দানব আপনাকে বলে চালিয়ে যেতে। একবারের দেখাতেই এত ছবি আর ভিডিও স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শক্তিশালী উদ্দীপনা তৈরি করে, যা মস্তিষ্কে আরও রাসায়নিক পদার্থ ঢুকিয়ে আপনাকে চালিয়ে যেতে তাড়িত করে।
পুরো সময়টাতেই এই প্লাবনের প্রতিক্রিয়ায় আপনার রিসেপ্টরগুলো বন্ধ হয়ে যাওয়ার সংকেত পেতে থাকে। অর্গাজম এই প্রভাব আরও বাড়ায় এবং তার পর পর্ন না দেখার প্রত্যাহার-উপসর্গ দেখা দেয়। আপনি ব্যাপারটা অস্বীকার করছেন, কারণ ছোট দানব কোনো প্রকৃত যন্ত্রণা বা অস্বস্তি ছাড়াই তার খোরাকের জন্য তীব্র তাগিদ অনুভব করে। লিঙ্গোত্থানের সমস্যা হতে পারে, এই আশঙ্কা অনেককেই আতঙ্কিত করে। তাই তাঁরা সেই চিন্তা মন থেকে সরিয়ে দেন আর ছেড়ে দেওয়ার ভয় দিয়ে সেটাকে ঢেকে রাখেন। ছেড়ে দেওয়ার ভয়টা বেশি, ব্যাপারটা এমন নয়। ব্যাপার হলো, আজই ছেড়ে দিতে হলে সিদ্ধান্তটা এখনই নিতে হয়। খারাপ দিকটা দেখতে যাবেন কেন? হয়তো এমনটা ঘটবেই না, তত দিনে তো নিশ্চয়ই ছেড়ে দেবেন।
আমরা পর্নকে দড়ি টানাটানির মতো করে ভাবি। এক দিকে ভয়, “এটা অস্বাস্থ্যকর, নোংরা আর মানুষকে দাস বানায়।” অন্য দিকে ভালো দিকগুলো, “এটা আমার আনন্দ, আমার বন্ধু, আমার ভরসা।” এই দিকটাতেও যে ভয় কাজ করছে, তা যেন আমাদের মাথায়ই আসে না। ব্যাপারটা এই নয় যে আমরা পর্ন উপভোগ করি। আসলে পর্ন ছাড়া আমরা কষ্টে থাকি। হেরোইনের ওপর নির্ভরশীল কেউ হেরোইন নেওয়ার পর প্রত্যাহার-উপসর্গ থেমে গেলে স্বস্তি পেতে পারেন। নির্ভরশীলতা থেকে তৈরি হওয়া একটা চাহিদা মেটাতেই সেই স্বস্তি আসে। যাঁর ওই নির্ভরশীলতা নেই, তাঁর প্রত্যাহার-উপসর্গ কমানোর একই রকম চাহিদাও নেই। এই তুলনা তীব্র তাগিদ আর স্বস্তির চক্রটি বোঝাতে করা হয়েছে। এর অর্থ এই নয় যে হেরোইন তীব্র আনন্দানুভূতি তৈরি করতে পারে না। হেরোইন তীব্র আনন্দানুভূতি তৈরি করতে পারে।
যাঁরা পর্ন ব্যবহার করেন না, তাঁদের পর্ন দেখতে না দিলে তাঁরা কষ্ট পান না। কেবল ব্যবহারকারীরাই ওই কষ্টটা অনুভব করেন। ইন্টারনেট পর্ন ওই কষ্ট দূর করে না, বরং সেটাই কষ্টটা সৃষ্টি করে। খারাপ পরিণতির ভয় ব্যবহারকারীদের ছাড়তে সাহায্য করে না, কারণ তাঁরা ব্যাপারটাকে মাইন পোঁতা মাঠের ওপর দিয়ে হাঁটার মতো মনে করেন। পার পেয়ে গেলে ভালো, আর দুর্ভাগ্য হলে মাইনে পা পড়ল আর তার পরিণতি ভোগ করলেন। ঝুঁকি জেনেও যদি তা নিতে প্রস্তুত থাকেন, তাহলে তাতে অন্য কারও কী আসে যায়? এই অবস্থায় আসক্ত ব্যক্তিরা সাধারণত ব্যাপারটা এড়িয়ে যাওয়ার জন্য নিচের কৌশলগুলো গড়ে তোলেন।
“বয়স হলে এমনিতেই তো আপনার যৌনক্ষমতা কমে যাবে…”
অবশ্যই কমে যাবে। কিন্তু এখানে কথা যৌনক্ষমতা নিয়ে নয়, দাসত্ব নিয়ে। তা যদি হয়ও, নিজের যৌনক্ষমতার মেয়াদ ইচ্ছে করে কমিয়ে দেওয়ার কি কোনো যুক্তি আছে?
“শুধু বেঁচে থাকার চেয়ে জীবনের মান বেশি গুরুত্বপূর্ণ।”
ঠিক তাই! আপনি কি বলতে চাইছেন, আসক্ত একজনের জীবনের মান আসক্তি নেই এমন একজনের চেয়ে ভালো? আপনি কি সত্যিই বিশ্বাস করেন, পর্ন ব্যবহারকারীর জীবনের মান পর্ন ব্যবহার করেন না এমন কারও চেয়ে ভালো? বালিতে মাথা গুঁজে কষ্টে কাটানো জীবনকে তো সুখের জীবন বলে মনে হয় না।
“আমার কোনো সঙ্গী নেই, ভবিষ্যতেও সংসার পাতার পরিকল্পনা নেই, তাহলে পর্ন দেখব না কেন?”
তা সত্যি হলেও, আবেগের বশে কিছু করে ফেলার তাড়না নিয়ন্ত্রণ করে যে স্নায়বিক ব্যবস্থা, তা নিয়ে ছেলেখেলা করার কি কোনো যুক্তি আছে? কেউ আসবে না বলে যতই নিশ্চিত হোন, একা হলেই সব পোশাক খুলে ফেলার মতো বোকামি কেউ করবেন বলে কি আপনি কল্পনা করতে পারেন? কার্যত পর্ন ব্যবহারকারীরা তা-ই করেন!
অতিরিক্ত উদ্দীপনায় আমাদের মস্তিষ্কের পুরস্কার-সংশ্লিষ্ট স্নায়ুপথগুলো ধীরে ধীরে জ্যাম হয়ে যায়। সেগুলোকে জীবনের স্বাভাবিক চাপ সামলানোর অযোগ্য করে ফেললে উদ্যম আর প্রাণশক্তি নিয়ে জীবন উপভোগ করতে সুবিধা হয় না। আসল খাবারের জায়গা একটা চকলেট বার নিয়ে নেওয়ার মতোই স্বাভাবিক যৌন আকাঙ্ক্ষার জায়গা নিয়ে নিয়েছে পর্ন আর হস্তমৈথুন। এতে অবাক হওয়ার কিছু নেই যে অনেক চিকিৎসক ও মনোবিজ্ঞানী এখন মানসিক স্বাস্থ্যের নানা সমস্যার সঙ্গে শারীরবৃত্তীয় কারণের যোগসূত্র খুঁজে পাচ্ছেন। মূলধারার চিকিৎসক সমাজ বারবার জোর দিয়ে বলেছে, যাঁরা নিজেরাই সমস্যার কথা স্বীকার করেছেন, তাঁদের বলা সমস্যাগুলোর সরাসরি কারণ পর্ন, এমনটা বিজ্ঞান দিয়ে কখনো প্রমাণ করা হয়নি। কিন্তু সবার সামনে নিজের যৌন অক্ষমতা স্বীকার করা এত লজ্জার ব্যাপার যে কেউ সত্যিই উদ্বিগ্ন না হলে, আর কারণটা খুঁজে পেয়ে নিজের জীবন থেকে সরিয়ে না ফেললে, কেনই বা এমনটা করবেন?
EasyPeasy আপনাকে পর্ন থেকে মুক্ত হয়ে একজন সুখী প্রাক্তন ব্যবহারকারী হতে সাহায্য করবে। পর্ন নয়, পর্ন দেখে হস্তমৈথুন নয়, অপ্রয়োজনীয় অর্গাজমও নয়। একমাত্র সহায় হবে আপনার সঙ্গীর স্পর্শ, তাঁকে দেখা আর তাঁর গন্ধ। ভালো করে খিদে পেলে পূর্ণ শস্যের রুটি যেমন তৃপ্তি দেয়, তেমনই ইন্টারনেট পর্নের উচ্চ-ফ্রুক্টোজ কর্ন সিরাপ আর আপনার চাইতে ইচ্ছে করবে না। প্রমাণ যখন এত স্পষ্ট, তখন আর আলাদা করে কিছু প্রমাণ করার দরকার হয় না। হাতুড়ি দিয়ে বুড়ো আঙুলে বাড়ি মেরে ব্যথা পেলে সেটাও প্রমাণ করার দরকার হয় না। ইন্টারনেট পর্নের চাপ ব্যবহারকারীর জীবনের অন্য দিকগুলোতেও ছড়িয়ে পড়ে। অনেকেই তা সামলাতে সিগারেট বা অ্যালকোহলের মতো নেশাদ্রব্যের দিকে ঝুঁকে পড়েন, আর কোনো কোনো ক্ষেত্রে ব্যবহারকারী আত্মহত্যার কথাও ভাবতে শুরু করেন।
ব্যবহারকারীদের আরেকটা ভুল ধারণা হলো, পর্নের ক্ষতিকর প্রভাব বাড়িয়ে বলা হয়। আসলে উল্টোটাই সত্যি। যৌন কার্যকারিতার সমস্যা ও আরও অনেক সমস্যার প্রধান কারণ যে ইন্টারনেট পর্ন, তাতে কোনো সন্দেহ নেই। পর্নের কারণে কত বিবাহবিচ্ছেদ হয়েছে? নির্ভরযোগ্যভাবে তা জানার কোনো উপায় নেই, তবে অনলাইন কমিউনিটিগুলোতে খোঁজ করলে মনে হয় সংখ্যাটা সূচকীয় হারে বাড়ছে।
Friends-এর একটা পর্বে ছেলেরা টিভিতে বিনা খরচে একটানা পর্ন দেখতে পাচ্ছিল। একসময় তারা ভাবতে শুরু করল, পিৎজা পৌঁছে দিতে আসা মেয়েটি কেন তাদের ‘বড় শোবার ঘরটা’ দেখতে চাইল না। আসক্ত হলে আপনি অনিবার্যভাবেই বাস্তব নারীদের ওপর পর্নের কল্পনা চাপিয়ে দেন। জীবনের এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে থাকা কেউ অসাবধানতায়, এমনকি নিছক ঘটনাচক্রে, ইন্টারনেটের অন্ধকার দিকগুলোতে পর্নের মুখোমুখি হলে তাঁর ওপর কী প্রভাব পড়তে পারে, কল্পনা করুন। পর্ন থেকে জন্ম নেওয়া এসব চিন্তার বিরুদ্ধে লড়াই তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর ভীষণ চাপ ফেলবে।
(আরেকটা পরিস্থিতি কল্পনা করুন। ধরুন, কেউ এসে আপনাকে বললেন, অর্গাজম হতেই হবে এমন কোনো চাওয়া তাঁর নেই, কিন্তু আপনার সঙ্গে যৌনমিলনের খুব ইচ্ছে আছে, এমনকি প্রবেশসহ যৌনমিলনেরও। অর্গাজম ছাড়া যতক্ষণ এবং যত দূর এগোনো যায়, তিনি ততক্ষণ এবং তত দূরই যেতে চান। তবে অর্গাজম হয়ে গেলেও অসুবিধা নেই। এমন প্রস্তাব কখনো পেলে আপনাকে নিশ্চয়তা দিতে পারি, সেটা হবে অন্য যেকোনো অভিজ্ঞতার চেয়ে অনেক ভালো, এক অসাধারণ নতুন যৌন অভিজ্ঞতা। চেষ্টা করে দেখুন।)
মগজধোলাইয়ের প্রভাবে আমরা সেই লোকটার মতো ভাবতে শুরু করি, যিনি ১০০ তলা ভবন থেকে পড়ে পঞ্চাশতম তলা সাঁ করে পেরোনোর সময় নাকি বলেছিলেন, “এখন পর্যন্ত তো সব ঠিকঠাক!” আমরা ভাবি, এখন পর্যন্ত যখন পার পেয়ে গেছি, তখন আর একবার পর্ন দেখলে কিছু বদলাবে না। অন্যভাবে দেখুন। এই ‘অভ্যাস’ সারা জীবনের একটানা শিকল, যার প্রতিটি পর্ব পরের পর্বের প্রয়োজন তৈরি করে। অভ্যাসটা শুরু করার সময় আপনি একটা সলতেয় আগুন ধরিয়ে দেন। সমস্যা হলো, সলতেটা কত লম্বা, তা আপনি জানেন না। যতবার আপনি তাগিদের কাছে হার মেনে পর্ন দেখেন, ততবার বোমা ফাটার আরও এক ধাপ কাছে চলে যান। পরের বারই যে বোমাটা ফাটবে কি না, তা কী করে বুঝবেন?
অশুভ কালো ছায়া
বাড়িতে বা কর্মস্থলে ঝগড়াঝাঁটির একটা দিনের পর অনেক রাতে বাইরে থাকলে যে নিরাপত্তাহীনতা বোধ হয়, তার আসল কারণ যে ইন্টারনেট পর্ন, তা বিশ্বাস করা ব্যবহারকারীদের পক্ষে খুব কঠিন। যাঁরা পর্ন ব্যবহার করেন না, তাঁরা ওই অনুভূতিতে ভোগেন না। পর্নই সেটা সৃষ্টি করে।
পর্ন ছাড়ার আরও একটা বড় আনন্দ হলো, মনের পেছনে জমে থাকা অশুভ কালো ছায়াগুলো থেকে মুক্তি। সব ব্যবহারকারীই জানেন যে পর্নোগ্রাফির ক্ষতিকর প্রভাবের কথা মন থেকে ঠেলে সরিয়ে দেওয়া বোকামি। জীবনের বেশির ভাগ সময় আমরা আপনা থেকেই তা করি, কিন্তু কালো ছায়াগুলো সব সময় অবচেতন মনে, সচেতনতার ঠিক নিচেই ওত পেতে থাকে। পর্ন ছাড়ার চমৎকার উপকারগুলোর কয়েকটা আমরা স্পষ্টই টের পাই। যেমন, সময়ের অপচয় বন্ধ হয়, আর দ্বিমাত্রিক একটা ছবির সঙ্গে যৌনমিলন করার চরম বোকামিরও অবসান হয়।
গত কয়েকটি অধ্যায়ে পর্ন ব্যবহার না করার বড় বড় সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। তবে ন্যায্যতার খাতিরে দুই দিকই তুলে ধরা দরকার। তাই পরের অধ্যায়ে পর্ন ব্যবহারকারী হওয়ার সুবিধাগুলোর তালিকা দেওয়া হয়েছে।